চট্টগ্রামের ফটিকছড়িতে একই দিনে দুটি পৃথক মর্মান্তিক দুর্ঘটনায় চারজনের প্রাণহানি ঘটেছে।
শনিবার (৩০ মে) বিকেলে হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখীল বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হন। একই দিনে পাইন্দং ইউনিয়নের একটি মাছের প্রজেক্টে পানিতে ডুবে এক শিশু ও খামার মালিকের মৃত্যু হয়।
হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখীল বন্যপ্রাণী অভয়ারণ্যে বেড়াতে যাওয়া ফটিকছড়ি আব্দুল্লাহপুর ইউনিয়নের বাসিন্দা জয় মল্লিক (১৮) এবং রাউজান নোয়াজিশপুর ইউনিয়নের বাসিন্দা
সীমান্ত দাশ (২২) মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল ও হাসপাতালে তাদের আত্মীয়-স্বজনের আহাজারিতে হৃদয়বিদারক দৃশ্য সৃষ্টি হয়।
একইদিন বিকেল সাড়ে ৫টার দিকে পাইন্দং উপজেলার ডলু নয়াবাজার আর্মি ক্যাম্প সংলগ্ন একটি মাছের প্রজেক্টে তিন শিশু পানিতে পড়ে গেলে খামারের মালিক মফিজ দ্রুত উদ্ধার অভিযানে নেমে দুই শিশুকে বাঁচাতে সক্ষম হন।
তবে আড়াই বছর বয়সী শিশু মুনতাহিনা পানিতে নিখোঁজ হয়। পুনরায় উদ্ধার কাজে নামার সময় মফিজ পানির নিচে তলিয়ে যান। স্থানীয়রা তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন। দীর্ঘ তিন ঘণ্টার খোঁজাখুঁজির পর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা অভিযোগ করেছেন, দুর্ঘটনার খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলেও ডুবুরি না থাকায় কার্যকর উদ্ধার সম্ভব হয়নি।
উভয় ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মুনতাহিনা ফটিকছড়ি পৌরসভার ৯ নং ওয়ার্ডের কে.এম টেক এলাকার আজাদের কন্যা সন্তান।


