বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

মুহিবুল্লাহ হত্যার ঘটনায় দুই রোহিঙ্গা আটক

উখিয়ায় রোহিঙ্গাদের শীর্ষ নেতা মো. মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় আরও দুই জন রোহিঙ্গাকে আটক করেছে ১৪ এপিবিএনের সদস্যরা। আটক রোহিঙ্গারা হলেন জিয়াউর রহমান ও আব্দুস সালাম।

শুক্রবার দিবাগত রাতে (২ অক্টোবর) আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি টিম উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক দুই জনকে রাতেই উখিয়া থানায় হস্তান্তর করেছে এপিবিএন।

ক্যাম্প নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ এপিবিএনের পুলিশ সুপার নাঈমুল হক শনিবার (২ অক্টোবর) সকালে দুই জন রোহিঙ্গা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার দুপুর ১২ টার দিকে এপিবিএনের সদস্যরা মোহাম্মদ সেলিম প্রকাশ ওরফে লম্বা সেলিমকে আটক করেছিলেন। পরে তাকে উখিয়া থানা পুলিশের কাছে হন্তান্তর করা হয়। এ নিয়ে মুহিব্বুল্লাহ হত্যার ঘটনায় এ পর্যন্ত তিন সন্দেহ ভাজন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাত বন্দুকধারীরা মুহিবুল্লাহর নিজ অফিসে ৫ রাউন্ড গুলি চালায়। এ সময় তিন রাউন্ড গুলি তার বুকে লাগে। এতে মুহিবুল্লাহ ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে এপিবিএন সদস্যরা তাকে উদ্ধার করে ‘এমএসএফ’ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার রাতে রোহিঙ্গা নেতা মুহিববুল্লাহ হত্যাকান্ডের ঘটনায় নিহতের ভাই হাবিব উল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে উখিয়া থানায় মামলা (মামলা নম্বর- ১২৬, তারিখ-৩০/০৯/২০২১) দায়ের করেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত