পটিয়া প্রতিনিধিঃ
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় পটিয়ায় ৫১ তম জাতীয় সমবায় দিবস ২০২২ পালিত হয়েছে।
শনিবার দুপুরে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন এবং উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বরে জাতীয় পতাকা ও জাতীয় সমবায় পতাকা উত্তোলন, র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকার সমবায়ী সংগঠক ও প্রশাসনের কর্মকর্তারা উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণ থেকে দুপুরে র্যালিটি বের করেন। এসময় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিন করে আবারো ফিরে এসে উপজেলা পরিষদ মিলানায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুনের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা রাসেল চৌধুরীর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা স্বপন চন্দ্র দে, ঋষি বিশ্বাস সহ আরো অনেকেই।
আলোচনা সভায় হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেন, বর্তমান সরকার ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য ও দুর্নীতিমুক্ত সুখী-সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নানামুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। সমবায়ের মাধ্যমে কৃষি জমি ও অন্যান্য সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে ব্যাপক কার্যক্রম নিয়েছে।
তিনি আরো বলেন, দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বিপুল সংখ্যক গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণ, আয়বর্ধনমূলক প্রশিক্ষণ ও উপকরণসহ বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে সমবায়ের মাধ্যমে।


