বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

কৃষি জমি অনাবাদি, রাঙ্গুনিয়ায় খাস ঘোষণা করে সাইনবোর্ড লাগিয়েছে প্রশাসন

রাঙ্গুনিয়া প্রতিনিধি :

রাঙ্গুনিয়া উপজেলায় তিন বছর কৃষি জমি আবাদ না করায় ৩ একর ৫১ শতক জায়গা সরকারি খাস খতিয়ানে এনেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে একযোগে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কৃষি জমি অনাবাদি না রাখা সংক্রান্ত প্রধানমন্ত্রীর নির্দেশনার পর রাঙ্গুনিয়া উপজেলার ৫টি ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন এ জমিগুলো খাস করা হয়।

জানা গেছে, রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ১৯৫০ এর ৯২ (১) (গ)  ধারা অনুযায়ী কোনো কৃষিজমি পরপর তিন বছর অনাবাদি রাখা হলে তা খাস করার বিধান রাখা হয়েছে।

এ ধারার আলোকে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) এর আগে বিভিন্ন সময়ে মাইকিং, লিফলেট বিতরণ ও ফেসবুক পোস্টের মাধ্যমে সর্বস্তরের সব ভূমি মালিককে এ বিষয়ে অবহিত করেন। পরে বৃহস্পতিবার উপজেলায় একযোগে অভিযান পরিচালনা করে টিসি হাট ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন ৭৭ শতক, কাউখালী  ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন ৭৪ শতক, ঘাগড়া ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন ১ একর, শিলক ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন ১ একরসহ মোট ৩ একর ৫১ শতক অনাবাদি জমি খাস খতিয়ানভুক্তির কার্যক্রম গ্রহণ করে। এসব জমিতে লাল পাতাকা উত্তোলন করে গণ-বিজ্ঞপ্তি জারি করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদুল আলম বলেন, পুঁজিবাদের এ যুগে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়। চলমান বৈশ্বিক সংকটের প্রভাব সব দেশেই পড়েছে। আর এ সংকট মোকাবেলায় খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ছাড়া কোনো বিকল্প নেই। খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দীর্ঘদিন যাবত মাননীয় প্রধানমন্ত্রী অনাবাদি জমি চাষের আওতায় আনার নির্দেশনা দিচ্ছেন। ইতোপূর্বে সবাইকে বিভিন্নভাবে এ বিষয়ে অবহিত করা হলেও জমি অনাবাদি রাখায় উপজেলা প্রশাসন ও রাজস্ব প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি নেওয়া হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত