বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে নতুন নতুন অবকাঠামো হচ্ছে : শিক্ষা উপমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

শিক্ষাউপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেছেন, ‘মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে নতুন নতুন অবকাঠামো হচ্ছে। শিক্ষিত ও দক্ষ শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। শিক্ষাক্ষেত্রে বিশেষ করে বিশেষায়িত উচ্চশিক্ষায় সরকার গবেষণার জন্য, দক্ষতা বৃদ্ধির জন্য যে বিনিয়োগ করছে সেই বিনিয়োগের একটা প্রতিদান জাতি শিক্ষার্থীদের কাছে থেকে প্রত্যাশা করে।’

শনিবার (১১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) নবীন শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ সমারম্ভ অনুষ্ঠানে শিক্ষাউপমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। বর্তমানে সিভাসুতে যেভাবে গবেষণা করার সুযোগ হচ্ছে, পাঠদান করার সুযোগ হচ্ছে—তা সরকারের উন্নয়নেরই ফল। কোভিডের সময় আমরা দেখেছি এ বিশ্ববিদ্যালয়ের আরটি-পিসিআর মেশিন দিয়ে তিনটা জেলায় করোনাভাইরাস পরীক্ষা করা হয়। এটি বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বৃদ্ধির উদাহরণ।’

তিনি বলেন, ‘আজকে যারা নতুন করে শিক্ষাবর্ষ শুরু করতে যাচ্ছো, তোমরা সবসময় প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখবে। তোমরাই জাতির ভবিষ্যৎ। পড়াশোনা করে নিজেদের জীবনকে গড়ে তুলবে। কিন্তু প্রতিষ্ঠানের প্রতি তোমাদের একটা দায়বদ্ধতা অবশ্যই থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রতি তোমাদের একটা ওনারশিপ থাকতে হবে। জীবনে প্রতিষ্ঠা পাওয়ার পর অ্যালামনাই হিসেবে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ফান্ডে তোমরা অনুদান দিবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে সমারম্ভ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন—পল্লি দারিদ্র্যবিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ), ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সচিব মুহম্মদ মউদুদউর রশীদ সফদার।

প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সিভাসুর উপাচার্য অধ্যাপক ড. এএসএম লুৎফুল আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহযোগী অধ্যাপক তাসনিম ইমাম। সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. ওমর ফারুক মিয়াজী।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত