স্টাফ রিপোর্টার: নগরীর হালিশহরে চাঁদাবাজির সময় এক সন্ত্রাসীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) রাতে সোনালী আবাসিক এলাকায় চাঁদাবাজির সময় রিয়াজুর রহমান জীবন নামে এই সন্ত্রাসীকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতার রিয়াজুর রহমান জীবন ঝালকাঠি জেলার কাঠলিয়া থানার মরিচবুনিয়া এলাকার আবদুল খালেক হাওলাদারের ছেলে। তিনি হালিশহর এলাকার কর্ণফুলী আবাসিক এলাকায় বসবাস করেন ।
রিয়াজুর রহমান জীবন একজন চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, হালিশহর থানাধীন সোনালী আবাসিক এলাকা থেকে রিয়াজুর রহমান জীবন নামের ওই চাঁদাবাজ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
রিয়াজুর রহমান জীবনের বিরুদ্ধে হালিশহর এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজির অভিযোগ ছিল। পুলিশ তাকে খুঁজছিল।


