নিজস্ব প্রতিবেদক :
বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও গণতন্ত্রের সংগ্রামের নেতা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের দুঃসাহস কোনভাবেই মেনে নেয়া যাবে না। তারেক রহমান বাংলাদেশের মানুষের হৃদয়। তার বিরুদ্ধে অপপ্রচার কোনভাবেই সহ্য করা হবে না। জনগণ জানে কারা এই অবৈধ শক্তি, কারা এই অপ্রচারের পেছনে কাজ করছে। তারা এক নতুন ষড়যন্ত্রের পায়তারা করছে।
তিনি বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের বিরুদ্ধে অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে নাসিমন ভবন চত্বরে আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে একথা বলেন।
তিনি আর বলেন, সংস্কারের নামে জাতীয় নির্বাচন পেছানোর নতুন ফাঁদ তৈরি করা হচ্ছে। অথচ বিএনপির ৩১ দফা কর্মসূচিতেই সকল প্রকার গণতান্ত্রিক সংস্কারের রূপরেখা রয়েছে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হলে জনগণ তা প্রতিহত করবে। এ সময় জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারই কেবল স্থায়ী সমাধান নিশ্চিত করতে পারে। বিএনপি আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। আগামী দিনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে এবং বাংলাদেশের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র চলছে, তার প্রতিবাদে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থাকব।
সমাবেশ শেষে জনাব গোলাম আকবর খোন্দকারের নেতৃত্বে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নাসিমন ভবন চত্বরে এসে শেষ হয়।
শুক্রবারের কর্মসূচি :
জুলাই আগষ্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক সারাদেশব্যাপী জাতীয় কর্মসূচি পালনের অংশ হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে ছয় দিন ব্যাপী নেওয়া কর্মসূচির দ্বিতীয় দিনে কাল শুক্রবার (১৮ জুলাই) শহীদদের আত্মত্যাগে বাদ জুমা দোয়া মাহফিল এবং কালো ব্যাজ ধারন এবং বিকাল ৩ ঘটিকায় নাসিমন ভবন চত্বর থেকে মৌন মিছিলের আয়োজন করা হবে।


