সাতকানিয়া সংবাদদাতা
চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার রেললাইনের সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৮ জুলাই) সকালে উপজেলার ঢেমশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বারি সিকদার বাড়ি এলাকায় এ ঘটে।
রেলওয়ে পুলিশ ও সাতকানিয়া রেলওয়ে ষ্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস শুক্রবার সকাল ৭ টার দিকে সাতকানিয়া রেলওয়ে ষ্টেশন অতিক্রম করেছে। সকাল ৮ টার দিকে কক্সবাজারের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সৈকত এক্সপ্রেস নামের ট্রেনও সাতকানিয়া রেলওয়ে ষ্টেশন অতিক্রম করে। ওই দুই ট্রেনের কোনো একটিতে কাটা পড়ে অজ্ঞাতনামা ওই নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
সাতকানিয়া রেলওয়ে ষ্টেশনের ষ্টেশন মাস্টার রতন কান্তি দাশ বলেন, আজ শুক্রবার সকাল ৯ টার দিকে খবর পেয়েছি ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। পরে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস অথবা চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সৈকত এক্সপ্রেসে কাটা পড়ে অজ্ঞাতনামা ওই নারী নিহত হয়েছেন।
রেলওয়ে পুলিশ ক্যাম্প কক্সবাজারের (ইনচার্জ) পরিদর্শক মো. শাহজালাল বলেন, ট্রেনে কাটা পড়ে নিহত অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ওই নারীর বয়স আনুমানিক ৩৫-৩৬ বছর হবে। তাঁর পরনে সালোয়ার-কামিজ আছে। স্থানীয় লোকজনের ভাষ্যমতে, নিহত ওই নারী মানসিক ভারসাম্যহীন হতে পারেন। ওই নারীর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


