মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
Single Top Banner

প্রেস ক্লাবে ঢুকতে দেওয়া হবে না ফ্যাসিস্ট দোসরদের

নিজস্ব প্রতিবেদক

‘সাংবাদিকতার নামে ফ্যাসিস্টদের দখলদারি আর সহ্য করা হবে না। প্রেস ক্লাব কোনো বিশেষ রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের কার্যালয় নয়—এটি সাংবাদিকদের প্রতিষ্ঠান। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত বিপ্লবের চেতনাকে অবমাননা করে কেউ এই ক্লাবে প্রবেশ করতে পারবে না।’

শনিবার বিকেলে চট্টগ্রামে অনুষ্ঠিত সাংবাদিক-ছাত্র-জনতা সমাবেশে এ হুঁশিয়ারি দেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান।

তিনি আরও বলেন, ‘প্রশাসনের ব্যর্থতার সুযোগ নিয়ে সাংবাদিকতার কার্ড ঝুলিয়ে আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে ফ্যাসিস্ট দোসররা। গত সাড়ে ১৫ বছর ধরে তারা সাংবাদিকতার ছদ্মবেশে ব্যবসা, টেন্ডারবাজি আর অর্থ-সম্পদের পাহাড় গড়েছে। ছাত্র-জনতার বিপ্লবের মুখে বিতাড়িত হওয়ার পরও এখন তারা নানা ছলচাতুরিতে ফিরে আসতে চাইছে। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।’

সমাবেশে সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিল্পী বলেন, ‘জুলাই বিপ্লবে ছাত্র-জনতা যে জীবন বিসর্জন দিয়ে পরিবর্তন এনেছিল, এক বছর না যেতেই আজ আবার রাজপথে নামতে হচ্ছে।’ তিনি চট্টগ্রামের জেলা প্রশাসককে উদ্দেশ করে বলেন, ‘আপনাকে আমরা সম্মান করি। কিন্তু এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে ফ্যাসিস্টদের প্রেস ক্লাবে ঢোকার সুযোগ সৃষ্টি হয়।’

পুলিশ কমিশনারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘গোপনে আওয়ামী দোসররা মিটিং-মিছিল করছে। আমাদের কাছে এর প্রমাণ রয়েছে, অথচ আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রিদুয়ান সিদ্দিকী, সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী সিয়াম ইলাহি, আবদুর রহমান, সাইফুর রুদ্র, তানিয়া আক্তার, নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন, আলাউদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা এন মো. রিমন, ইমরান সিদ্দিক জেকসন, সভাপতি মনির হোসেন, ছাত্রদল নেতা মো. তৌহিদুর রহমান প্রমুখ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত