বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

নতুন অর্থবছরের শুরুতেই রেমিট্যান্সে সুখবর

নিজস্ব প্রতিবেদক

নতুন অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক বার্তা দিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৪৮ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। রোববার (৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত বছরের একই মাসের তুলনায় চলতি বছরের জুলাইয়ে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ২৯ দশমিক ৪৮ শতাংশ। ২০২৪ সালের জুলাই মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ১৯১ কোটি ডলার।

গত বছর দেশে রাজনৈতিক অস্থিরতা চলছিল, যার ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে আহ্বান জানিয়ে অনেক প্রবাসী রেমিট্যান্স পাঠানো হ্রাস করেছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর আবারও রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের ভাষ্য অনুযায়ী, প্রবাসীদের পাঠানো অর্থ ব্যাংকিং চ্যানেল ব্যবহার করায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সরাসরি ইতিবাচক প্রভাব পড়ছে। কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকারের নানা উদ্যোগ, রেমিট্যান্সে ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা এবং ব্যাংকিং সেবার মানোন্নয়ন এই ধারাবাহিকতা তৈরি করতে সহায়ক হয়েছে।

এর আগে, ২০২৫ সালের জুন মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২৮২ কোটি মার্কিন ডলার, যা আগের বছরের জুনের তুলনায় ১১ শতাংশ বেশি। ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ে রেকর্ড পরিমাণ প্রবাহ হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ওই অর্থবছরের শেষে দেশে রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। আগের অর্থবছরে প্রবাসী আয় ছিল ২৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার।

এক অর্থবছরে দেশে আসা রেমিট্যান্সের হিসাবে এটি সর্বোচ্চ। প্রবাসী আয়ের এই ঊর্ধ্বমুখী ধারা দেশের সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা এবং ডলারের বাজারে স্বস্তি ফিরিয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত