বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘শ্রমিকজনতার জুলাই মিছিল’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে ‘শ্রমিকজনতার জুলাই মিছিল’ আয়োজন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরী। শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামের আন্দরকিল্লা মোড় থেকে শুরু হয়ে টেরিবাজার, লালদীঘি, কোতোয়ালি মোড় ঘুরে নিউ মার্কেট মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান বলেন, “ষোলো বছরের আওয়ামী জুলুম-নিপীড়নের বিরুদ্ধে ২০২৪ সালের ৩৬ জুলাই ছিল এক গণবিস্ফোরণ। সেই দিনে আমাদের সহকর্মী দোকানশ্রমিক উমর ফারুক, তরুণ ছাত্র আবু সাঈদ, মীর মাহাফুজুর রহমান মুগ্ধ, ফয়সাল আহমদ শান্ত ও ওয়াসিম আকরাম রক্ত দিয়ে গেছেন। আজ আমরা যারা বেঁচে আছি, তাদের দায়িত্ব এই রক্তের ঋণ শোধ করা।”

তিনি বলেন, “জুলাইয়ের শহিদদের আকাঙ্ক্ষা আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। শহিদ পরিবার ও আহতদের পুনর্বাসন হয়নি, বিচার হয়নি আওয়ামী খুনিদের। শ্রমিকদের ওপর বৈষম্য এখনও বিদ্যমান। তাই অবিলম্বে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করতে হবে, এবং একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি মকবুল আহম্মদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ, অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল, জামায়াতে ইসলামীর কোতোয়ালী থানার সেক্রেটারি মোশতাক আহমদ ও সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম।

মিছিল ও সমাবেশে শ্রমিক নেতা মুহাম্মদ নুরুন্নবী, স.ম. শামীম, মনিরুল ইসলাম মজুমদার, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, আবদুর রহিম মানিকসহ বিভিন্ন সেক্টরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত