বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছে এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও মাদককারবারি কামরুল ইসলাম ওরফে মনিরুল, মনি ও মহিন নামে পরিচিত এক দুর্ধর্ষ অপরাধী। তার কাছ থেকে দেশীয় অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।
৩ আগস্ট, রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজের নেতৃত্বে এবং হাটহাজারী থানার অফিসার ইনচার্জ আবু মাহমুদ কাওসার হোসেন, পরিদর্শক (তদন্ত) মোস্তাক আহম্মদ চৌধুরী, এসআই রূপন নাথ ও এএসআই মুবিনুল হক-এর সমন্বয়ে গঠিত একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযানটি চালানো হয় চসিক ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের ফতেয়াবাদ রেললাইনসংলগ্ন বালুর টাল এলাকার জনমানবহীন একটি পাহাড়ের ওপর ঝুপড়ি ঘরে। এ সময় কামরুলকে হাতেনাতে আটক করা হয় এবং তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ১টি দেশীয় একনলা বন্দুক, ৩ রাউন্ড কার্তুজ, ১টি রামদা, ১টি ছেনি, ৪টি ছুরি ও ৫১ পিস ইয়াবা।
পরবর্তীতে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস যাচাই করে জানা যায়, কামরুল ইসলামের বিরুদ্ধে রয়েছে মোট ১১টি মামলা—এর মধ্যে রয়েছে দুটি চাঞ্চল্যকর হত্যা মামলা, পাঁচটি অস্ত্র মামলা এবং দুটি মাদক মামলা। এছাড়া আরও একটি হত্যাকাণ্ডের তদন্তে তার সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে, যা বর্তমানে তদন্তাধীন।
একটি অস্ত্র মামলায় কামরুল সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত হলেও অন্যান্য মামলাগুলো এখনো আদালতে বিচারাধীন। তার বিরুদ্ধে জারি করা দুটি গ্রেফতারি পরোয়ানাও বর্তমানে মুলতবি ছিল।


