চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবরে অভিযান পরিচালনা করতে গিয়ে এক পুলিশ কর্মকর্তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) রাত ২টার দিকে বন্দর থানাধীন ইশান মিস্ত্রি হাট সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১৮ জনকে আটক করা হয়।
আহত ওই পুলিশ কর্মকর্তার নাম আবু সাঈদ রানা। তিনি বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত রয়েছেন। এসআই আবু সাঈদের মাথা ও ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়ার ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে সল্টগোলা এলাকায় একটি ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরবর্তীতে পুলিশ খবর পেয়ে গ্রেপ্তারে অভিযান চালানোর সময় উপপরিদর্শক আবু সাঈদ রানাকে এলোপাতাড়ি কোপানো হয়।
পরবর্তীতে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়।
আহত পুলিশ কর্মকর্তা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।
এ ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী এলাকাজুড়ে যৌথ অভিযান শুরু করে।
নগর পুলিশের উপকমিশনার (বন্দর) আমিরুল ইসলাম বলেন, সোমবার রাতে নিষিদ্ধ সংগঠনের লোকজন ঝটিকা মিছিল বের করে। পুলিশ তাদের ধরতে অভিযানে গিয়েছিল। সেখানে এক এসআইকে কুপিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চলছে।
সিএমপির বন্দর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘আওয়ামী সহ নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের খবরে অভিযান পরিচালনা করতে গিয়ে এক এসআই গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ১৮ জনকে আটক করা হয়েছে। বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযান অব্যাহত আছে।’


