কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে গোসল করতে নেমে পানির ঢেউয়ে ভেসে গিয়ে সামির (২৩) নামে চট্টগ্রামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা ও পেশায় রেফ্রিজারেটর মেকানিক। তিনি চার বন্ধুকে নিয়ে সকালে কক্সবাজার বেড়াতে আসেন এবং কটেজ জোনের ক্ল্যাসিক ভিলা নামে একটি হোটেলে ওঠেন।
নিহতের বন্ধুদের বরাতে জানা গেছে, গোসলের সময় হঠাৎ ঢেউয়ের তোড়ে সামির সাগরের ভেতরে ভেসে যান। এসময় সেখানে কোনো লাইফগার্ড উপস্থিত ছিলেন না। কিছুক্ষণ পর ঢেউয়ের সাথে ভেসে কূলের কাছে এলে তিন বন্ধু মিলে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুষ্ময় দাশ জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে নিহতের বন্ধুদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে এবং আরও জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে রাখা হয়েছে। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে, পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং তারা কক্সবাজারের উদ্দেশে রওনা দিয়েছেন।


