চট্টগ্রাম নগরীতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবা পাচারের সময় ৭ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ। সোমবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে নগরীর আইস ফ্যাক্টরি রোড এলাকার একটি কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
বিশেষ সূত্রে খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানার একটি টিম। ঢাকায় পাঠানোর জন্য বুকিং করা খালি বস্তার বান্ডিলের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল ইয়াবাগুলো। তবে মাদক চক্রের সদস্য সঙ্গে সঙ্গে স্থান ত্যাগ করে দেন। ঘটনাস্থল থেকে জব্দ করা হয় বুকিংয়ের কাগজপত্র ও কুরিয়ার অফিসের সিসিটিভি ফুটেজ। কুরিয়ার সার্ভিসের ম্যানেজারকেও হেফাজতে নেওয়া হয়েছে।
তদন্তে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি একজন ইলেকট্রিক মিস্ত্রি, যিনি ‘বিজয়’ ছদ্মনামে পরিচিত। তার প্রকৃত নাম মোঃ নুর হাসান। পুলিশের সিসিটিভি ফুটেজ ও মোবাইল নম্বর ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয়। এরপর সাদা পোশাকে অভিযান চালিয়ে রাত ২টার দিকে হালিশহর আই ব্লকের ২ নাম্বার লাইনের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে কোতোয়ালী থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সিএমপির দক্ষিণ জোনের উপ-কমিশনার মো. আলমগীর হোসেন জানান, এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর করিম বলেন, “আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। কেউ রেহাই পাবে না।”


