বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন থেমে থাকবে না : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে দলকে নতুনভাবে শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছে বিএনপি। গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত দলের আন্দোলন থেমে থাকবে না।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে অনুষ্ঠিত জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান অভিযোগ করেন, বিগত ১৫ বছরের আওয়ামী সরকার দেশে গণতন্ত্রকে ধ্বংস করেছে। রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা নষ্ট করা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে গুম-খুনের রাজনীতি চালানো হয়েছে, লাখ লাখ গায়েবি মামলা দিয়ে বিরোধীদলের নেতাকর্মীদের আদালতের বারান্দায় ঘোরানো হয়েছে। তিনি আরও বলেন, দেশে তিন কোটি নতুন ভোটার ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে ভোট দিতে পারেনি, ফলে ভোট ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য সাধারণ মানুষ, শিশু ও শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়েছে। দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থান সব খাত ধ্বংস হয়েছে এবং মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে।

তারেক রহমান বলেন, সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছে। কিছু বিষয়ে সবাই একমত হলেও কিছু বিষয়ে মতের ভিন্নতা রয়েছে। তিনি আহ্বান জানান, ঐকমত্যে পৌঁছাতে না পারা বিষয়গুলো জনগণের হাতে ছেড়ে দিতে। তিনি বলেন, জনগণই বেছে নেবে কার হাতে দেশ পরিচালনার দায়িত্ব যাবে। এটি গণতন্ত্রের সৌন্দর্য।

তারেক রহমান সতর্ক করে বলেন, যদি রাজনৈতিক দলগুলো আলোচনার টেবিলে বসে জনগণকে বাদ দিয়ে নিজেরাই সিদ্ধান্ত নিতে চায়, তবে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে। তিনি মনে করিয়ে দেন, বিএনপি জনগণের কাছে ৩১ দফা রূপরেখা দিয়েছে। সরকার গঠন করলে সেই কর্মসূচির ভিত্তিতে দেশ পরিচালিত হবে। দেশের অর্থনীতি পুনর্গঠন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানসহ সবখাতের সংস্কারের মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচন যতটা সহজ মনে হচ্ছে, ততটা সহজ নাও হতে পারে। নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে এবং দুটি শপথ পালন করতে হবে— ১. গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ২. জনগণের সরকার প্রতিষ্ঠা করে জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি কাজ করবে।

এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত