বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ইউনিয়ন পর্যায়ে গণশুনানি : 

জনসেবায় চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিনব উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক :

জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে গণশুনানি কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকালে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় নাগরিক সেবা বিষয়ক গণশুনানি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাদি উর রহিম জাদিদ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান। এ সময় সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরাসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

গণশুনানিতে কুসুমপুরা ইউনিয়নের সাধারণ মানুষ বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য বিষয়গুলো নিষ্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দেন। মোট ২১টি অভিযোগের মধ্যে ২০টির সমাধান বা কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়। ভিক্ষুক ও গৃহহীন পুনর্বাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার মানোন্নয়ন, সড়ক উন্নয়ন, প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ার প্রদান, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা সংক্রান্ত বিষয়গুলো এদিন বিশেষভাবে গুরুত্ব পায়।

জটিল সমস্যাগুলোর ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে সমাধান করা হবে বলে আশ্বস্ত করেন জেলা প্রশাসক। তিনি বলেন,
“টাইম-কস্ট-ভিজিট—জনগণের ভোগান্তি কমাতে এই তিনটি বিষয় সহজীকরণের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে গণশুনানির আয়োজন করছি। মানুষকে সেবা পেতে দৌড়াতে হবে না, প্রশাসন তাদের দোরগোড়ায় যাবে—এটাই আমাদের লক্ষ্য।”

উল্লেখ্য, মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসকরা প্রতি বুধবার নিজ কার্যালয়ে গণশুনানি করে থাকেন। তবে মাঠপর্যায়ে এই কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে জনগণের কাছে আরও সহজে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

গণশুনানিতে অংশ নেওয়া সাধারণ মানুষরা বলেন, জেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আজ জেলা প্রশাসক নিজে এসে যেভাবে অভিযোগ শুনেছেন এবং সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন—তা অভাবনীয়। তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ অব্যাহত থাকলে প্রান্তিক জনগণের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত