বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ঈদগাঁওয়ে থানার অদূরে দুর্ধর্ষ ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী

আনোয়ার হোছাইন, ঈদগাঁও (কক্সবাজার) : 

কক্সবাজারের ঈদগাঁও থানার অদূরে দুই বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করেছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রায় আট লক্ষাধিক টাকার মালামাল খোয়া গেছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে ইসলামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড পূর্ব নাপিতখালী পুরাতন ডুলাফকির রাস্তার মাথা সংলগ্ন বাংলালিংক টাওয়ার এলাকার এ ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত লাল মিয়ার ছেলে সৌদি প্রবাসী কালু ও জসিমের যৌথ পরিবারের ঘরে প্রথমে হামলা চালায় ডাকাতরা। ঘরের দরজা ভেঙে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে আলমিরা ভেঙে প্রায় পাঁচ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৯১ হাজার টাকা ও মূল্যবান মালামাল লুট করে তারা। এরপর পাশের ঘরে থাকা ভাই উসমানের বাড়িতেও হানা দিয়ে তাকে মারধর করে নয় হাজার টাকা ও আরও কিছু মালামাল লুট করে। ডাকাতদল পরে একটি মাইক্রোবাস যোগে মহাসড়ক হয়ে চকরিয়ার দিকে চলে যায়। ফজরের আজান শেষ হওয়া পর্যন্ত ডাকাতি চলে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় ইউপি সদস্য সাহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের কাছ থেকে বিস্তারিত বর্ণনা শোনেন। পরে বিষয়টি চেয়ারম্যানকে অবহিত করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মছিউর রহমান জানান, গ্রীল কেটে বসতবাড়িতে ডাকাতির ঘটনায় তিনি খবর পেয়েছেন। এ বিষয়ে তদন্ত চলছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, থানার অর্ধ কিলোমিটারের মধ্যে এই এলাকায় গত ৩০ সেপ্টেম্বরও প্রবাসী মুবিনের বাড়িতে সারারাত ডাকাতির চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু ব্যর্থ হয়ে ডাকাতদল পালিয়ে যায়। এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত ডাকাতির ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনী এ পর্যন্ত কোনো ডাকাতকে আটক করতে পারেনি। এতে করে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। সচেতন মহল মনে করছেন, থানা প্রশাসনের অবহেলার কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত