বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

রাঙামাটি পার্বত্য জেলার রুকন সম্মেলনে মাওলানা মুহাম্মদ শাহজাহান

পিআর পদ্ধতি চালু হলে ভোটকেন্দ্র দখলের রাজনীতি বন্ধ হয়ে যাবে

নিজস্ব প্রতিবেদক :

রাঙামাটির এক মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি পার্বত্য জেলার এক সদস্য (রুকন) সম্মেলন শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টায় অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা আমির অধ্যাপক আব্দুল আলীমের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. মানছুরুল হকের পরিচালনায় উক্ত রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহসানুল্লাহ ও জাফর সাদিক। এছাড়াও উপস্থিত ছিলেন আল আমীন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম সিদ্দিকী, জেলা প্রকাশনা সম্পাদক মো. নুরুল করিমসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, এদেশে নির্বাচন হতে হলে তার পূর্বে সকল সংস্কার কার্যকর করতে হবে, জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকর করতে হবে। সকল হত্যার বিচার করতে হবে। পিলখানা হত্যা, মতিঝিল শাপলা চত্বরের গণহত্যা, আয়নাঘর, গুম, চব্বিশের জুলাই-আগস্ট গণহত্যাসহ সকল হত্যার বিচার সম্পন্ন করে নির্বাচন দিতে হবে। যুদ্ধাপরাধের নামে রাজনৈতিক প্রতিহিংসা ও জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে জামায়াতের শীর্ষ নেতাদের হত্যাকান্ডের বিচার করতে হবে।

তিনি বলেন, পিআর পদ্ধতি চালু হলে ভোটকেন্দ্র দখলের রাজনীতি বন্ধ হয়ে যাবে, কালো টাকা ছড়াছড়ির প্রভাব থাকবে না, স্বৈরাচারী হওয়ার সুযোগ থাকবে না।

তিনি আরো বলেন, বর্তমানে দেশে নির্বাচনের পালে হাওয়া লেগেছে। সেই হাওয়ায় সাধারণ ছাত্ররা ইসলামী পক্ষের শক্তিকেই বাছাই করছে। এ ধারাবাহিকতায় সারাদেশের সকল পর্যায়ের নির্বাচনে দেশের জনগণ এবার ইসলামী শক্তিকেই বেছে নিবে, ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর বাংলাদেশ। এজন্যে আমাদের সকলকে পরিকল্পিতভাবে এবং সামাজিক কাজের মাধ্যমে সমাজের সকল মানুষের নিকট আল্লাহর আইনের পক্ষে, সৎ লোকের শাসনের পক্ষে দাঁড়িপাল্লার দাওয়াত পৌঁছে দিতে হবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত