চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনেই ২৮ জন প্রার্থী মনোনয়ন নিয়েছেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন দিনের কার্যক্রম শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৭ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ২ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ১ জন, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১ জন, সহ-খেলাধুলা সম্পাদক পদে ১ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ২ জন, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে ১ জন, ছাত্রী কল্যাণ সম্পাদক পদে ১ জন, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক পদে ১ জন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ১ জন, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ১ জন, যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে ২ জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১ জন, নির্বাহী সদস্য পদে ২ জন এবং হল সংসদের জন্য ২ জন রয়েছেন। সব মিলিয়ে মোট ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
প্রধান নির্বাচন কমিশনার মনির উদ্দিন বলেন, “প্রথম দিন আমরা যতটা অংশগ্রহণ আশা করেছিলাম, তার চেয়েও বেশি শিক্ষার্থী মনোনয়ন নিয়েছেন। সবার মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করেছি। শিক্ষার্থীদের আস্থা অর্জনের জন্য আমরা ভোটকেন্দ্রের ভেতরের কার্যক্রম সরাসরি বাইরে প্রদর্শনের ব্যবস্থা করব। এজন্য ভোটকেন্দ্রের বাইরে এলইডি ডিসপ্লে লাগানো হবে। যাতে সবাই ভেতরের কার্যক্রম দেখতে পান। যদি নির্বাচন নিয়ে কোনো অনিয়ম ঘটে, আমি নিজেই পদত্যাগ করব।”
এর আগে শনিবার সকাল থেকে চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। এই কার্যক্রম চলবে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র জমা নেওয়া হবে ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বেলা সাড়ে তিনটা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।


