চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং হল সংসদ নির্বাচনকে সামনে রেখে, ছাত্রদল তাদের নির্বাচনী প্যানেলের কার্যক্রম শুরু করেছে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিলের মধ্য দিয়ে। আগামী ১২ অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ছাত্রদল মনোনীত সহ-সভাপতি (ভিপি) প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়, সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শাফায়াত হোসেনসহ পূর্ণাঙ্গ প্যানেলের সদস্যরা।
দোয়া মাহফিলে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ চবি’র ইতিহাস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ফরহাদ হোসেন, হৃদয় চন্দ্র তরুয়া, ওয়াসিম আকরামসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এছাড়াও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি জিয়া উদ্দিন বাসেত, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, রাজু আহমেদ, চবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, বর্তমান সভাপতি আলাউদ্দিন মহসিন এবং সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিনসহ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


