বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

সীরাতুন্নবী মাহফিলে মুজিবুর রহমান: 

জালেমকে প্রতিহত করতে ঐক্যবদ্ধ হতে হবে

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, যে ব্যক্তি রাসূল (সা.)-কে ভালোবাসে না, আল্লাহ তায়ালা তাকেও ভালোবাসেন না। মুহাম্মদ (সা.)-এর শিক্ষা হচ্ছে জুলুমকে প্রতিহত করা, জালেমের বিরুদ্ধে দাঁড়ানো এবং সমাজ থেকে অন্যায় উৎখাত করা। তিনি বলেন, “আমরা নিজেরা জুলুম করবো না, কাউকে জুলুম করতেও দেবো না। যুবকদের দ্বারাই রাসূল (সা.) দল গড়ে তুলেছিলেন, যারা জালেমদের প্রতিহত করেছে। তাই জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে।”

রোববার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রামের জি. ই. সি কনভেনশন হলে মহানগর জামায়াত আয়োজিত সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, আমাদেরকে আল্লাহর আইন মেনে চলতে হবে এবং সেটি প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ হতে হবে। কোরআনের আলো কেবল ঘরে নয়, সংসদেও জ্বালাতে হবে। তিনি অভিযোগ করে বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও দেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়নি। “যে সংসদে কোরআনের আইন নেই, সে সংসদ আমরা মানি না,”—তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন।

প্রধান ওয়ায়েজ হিসেবে বক্তব্য রাখেন নাগাইশ দরবার শরীফের পীর সাহেব কুমিল্লা, অধ্যক্ষ মাওলানা মোস্তাক আহমদ ফয়েজী। তিনি বলেন, আল্লাহ মানুষকে সৃষ্টি করে অবহেলায় ছেড়ে দেননি। হেদায়েতের জন্য যুগে যুগে নবী-রাসূল পাঠিয়েছেন। তাদের ধারাবাহিকতায় এসেছেন হযরত মুহাম্মদ (সা.)—যিনি আল্লাহর একত্ববাদ ঘোষণা করে মানবতার মুক্তির পথ দেখিয়েছেন।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম বলেন, আল্লাহই আমাদের পালনকর্তা এবং তাঁর কাছেই সকলকে ফিরে যেতে হবে। দুনিয়া কারও জন্য স্থায়ী নয়, প্রত্যেককে কবরে যেতে হবে এবং হাশরের দিন জবাবদিহি করতে হবে। তিনি বলেন, “রাসূল (সা.) কোরআনের আলোয় সাহাবীদের ঐক্যবদ্ধ করেছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছিলেন। আমাদেরও তাঁর দেখানো পথ অনুসরণ করে দেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।”

আরেক বিশেষ অতিথি মাওলানা শাহজাহান বলেন, কোরআনের আদর্শ ছাড়া উত্তম সমাজ গঠন বা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি আহ্বান জানান, ইসলামের দাওয়াত সবার কাছে পৌঁছে দিতে হবে এবং আদর্শিক সমাজ গড়ে তুলতে হবে। সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন, শহীদ আল্লামা সাইদীর রায়ের পর দেশের মানুষ জীবন দিয়েছে, কিন্তু ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন আরও দৃঢ় হয়েছে। তিনি জানান, জামায়াতের প্রতীক ও নিবন্ধন ফিরে পাওয়া প্রমাণ করে জনগণ ইসলামের প্রতি আস্থাশীল।

মাহফিলে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম। সঞ্চালনা করেন সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। সভাপতির বক্তব্যে নজরুল ইসলাম বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর সীরাতের আলোচনার শেষ নেই। তবে আমাদের জীবনে অন্তত তিনটি বিষয়ে তাঁর জীবনকে গ্রহণ করতে হবে—রাসূলকে ভালোবাসা, তাঁর আদর্শ অনুসরণ করা এবং তাঁকে চূড়ান্ত ফায়সালাকারী হিসেবে মানা।

এতে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, নগর সহকারী সেক্রেটারি মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, মহানগর শ্রমিক কল্যাণ সভাপতি এস এম লুৎফর রহমান প্রমুখ।

মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী, ডা. আবু নাসের, ডা. মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, ড. মাহবুবুর রহমান, হামেদ হাসান ইলাহী, প্রফেসর সাইফুল্লাহ, আমির হোছাইন, মাহমুদুল আলম, ফখরে জাহান সিরাজীসহ নেতৃবৃন্দ।

সীরাতুন্নবী মাহফিলে বক্তারা ঐক্যবদ্ধভাবে জুলুম প্রতিহত করা, আল্লাহর আইন প্রতিষ্ঠা, কোরআনের আলোয় সমাজ সংস্কার এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত