চট্টগ্রামের মীরসরাইয়ে এক রাতেই ইউনিয়ন পরিষদ অফিস ও তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার সুফিয়া রোডে মীরসরাই সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং পৌর সদরের কলেজ রোডে টুকু মিয়া শপিং কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
চোরের দল মীরসরাই সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার কক্ষ থেকে নগদ ৪২ হাজার টাকা ও একটি কম্পিউটারের হার্ডডিস্ক নিয়ে যায়। অন্যদিকে, টুকু মিয়া শপিং কমপ্লেক্সের সিয়াম এন্ড সিফাত জেন্টস ফ্যাশন থেকে নগদ ৬০ হাজার টাকা ও বিভিন্ন জেন্টস সামগ্রী, সিয়াম এন্ড সিফাত স্পোর্টস থেকে মালামাল এবং বিছমিল্লাহ কুলিং কর্ণার থেকে সিগারেটসহ অন্যান্য জিনিসপত্র চুরি হয়। এছাড়াও আরও কয়েকটি দোকানের তালা ভাঙার চেষ্টা করা হয়।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মনির উদ্দিন বলেন, “রাত আনুমানিক ২টার দিকে নৈশ প্রহরী কৃষ্ণ ধন দাস বিশ্রামে গেলে চোরেরা সুযোগ নেয়। সকালে উঠে দেখা যায়, তার কক্ষ বাইরে থেকে তালাবদ্ধ। পরে পরিষদের কক্ষে গিয়ে দেখি আলমারির নগদ টাকা ও কম্পিউটার চুরি হয়েছে। মনিটর ফেলে রেখে কেবল হার্ডডিস্ক নিয়ে গেছে চোরেরা।”
সিয়াম এন্ড সিফাত জেন্টস ফ্যাশনের মালিক মো. শিফাত জানান, “চোরেরা দোকানের সিসিটিভি ক্যামেরার তার কেটে দিয়েছে। দুটি দোকানের তালা ভেঙে ক্যাশবক্স থেকে নগদ টাকা ও মালামাল নিয়ে যায়।”
বিছমিল্লাহ কুলিং কর্ণারের মালিক মো. করিম বলেন, “দোকানে ঢুকে দেখি সিগারেট, চায়ের দুধসহ প্রায় ১২ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।”
মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, “ইউনিয়ন পরিষদের চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। কলেজ রোডের ঘটনার বিষয়ে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


