রবিবার, ২৪ মে ২০২৬
Single Top Banner

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের স্থলমাইনে বন্যহাতি আহত

আনোয়ার হোছাইন, (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি : 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বিপরীতে মিয়ানমারের ভেতরে ফের স্থলমাইন বিস্ফোরণে আহত হয়েছে একটি বন্য হাতি। বিদ্রোহী সংগঠন আরকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে হাতিটির ডান পায়ের গোড়ালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মিয়ানমার অংশে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনেন সীমান্ত এলাকার লোকজন। তখন বিষয়টিকে তেমন গুরুত্ব না দিলেও বিকেলের দিকে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসা আহত হাতিটিকে বাংলাদেশ অংশে নাইক্ষ্যংছড়ির সদর ইউনিয়নের জামছড়ি এলাকায় দেখা যায়। এ সময় হাতিটি স্থানীয় কৃষক রশিদ আহমেদের পানের বরজ ও ধান ক্ষেতের কিছু অংশ নষ্ট করে। পরে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা পর্যন্ত হাতিটি সীমান্তের জিরো লাইনে অবস্থান করে।

স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক বলেন, “হাতিটি খুব কষ্টে হাঁটছিল। সীমান্ত এলাকায় জিরো লাইনে দাঁড়িয়ে থাকতে আমরা দেখেছি।”
একই এলাকার নুরুল আলম জানান, “আহত অবস্থায় হাতিটি স্থানীয় ক্ষেত নষ্ট করেছে। তবে হাতিটিকে দেখে মায়া লাগছে।”

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাশরুরুল হক বলেন, “আমরা বিষয়টি জেনেছি। খোঁজখবর নেওয়া হয়েছে। আহত হাতি দুটি একটি মা হাতি ও একটি শাবক।”

এর আগে গত ১১ আগস্ট নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিপরীতে মিয়ানমারের ভেতরে বিদ্রোহীদের বসানো স্থলমাইন বিস্ফোরণে আরেকটি বড় বন্য হাতির পায়ের গোড়ালি উড়ে যায়। এক মাসের মাথায় ফের একই ধরনের ঘটনায় আরেকটি হাতি আহত হলো।

প্রাণীপ্রেমীরা বলছেন, সীমান্ত এলাকায় মিয়ানমারের ভেতরে পুঁতে রাখা এসব স্থলমাইন শুধু মানুষ নয়, হাতিসহ বন্যপ্রাণীর জন্যও ভয়ংকর হুমকি হয়ে দাঁড়িয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত