বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অচিরেই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, “তারেক রহমান দেশে ফিরে শুধু বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের শেষলগ্ন আন্দোলনে নেতৃত্ব দেবেন।”
বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ডা. জাহিদ বলেন, “তারেক রহমান শুধু বিএনপির নেতা নন; তিনি হচ্ছেন সেই নেতৃত্ব, যিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সম্পৃক্ত সবার নেতা।”
স্বৈরাচার প্রসঙ্গে তিনি বলেন, “১৯৮৬ সাল থেকে আমরা দেখেছি স্বৈরাচারের দোসর কারা ছিল। এখনও তা দৃশ্যমান। সত্যিকার অর্থে স্বৈরাচারের সঙ্গে কারা সম্পৃক্ত, দেশের মানুষ তা জানে। এ নিয়ে আমাদের আলাদা করে বলার কিছু নেই। বিএনপি জনগণের অধিকার আদায়ে সোচ্চার ছিল, আছে, এবং থাকবে।”
সাম্প্রতিক নিউইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ নেতাদের আওয়ামী লীগের ‘হেনস্তা’ প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগের ইতিহাস কখনও জনগণের পক্ষে ছিল না। তাদের রাজনীতি প্রতিহিংসার, জনগণের ওপর চাপিয়ে দেওয়ার। তারা দেশকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে।”
তিনি আরও বলেন, “অন্যায় আওয়ামী লীগের পূর্বপুরুষরা করেছে; এখনকার নেতাকর্মীরাও করছে। তবে ইতিহাস সাক্ষ্য দেয়, শেষ বিচারে জনগণ সবসময় অন্যায়কে প্রতিহত ও প্রত্যাখ্যান করেছে।”


