বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

ছাত্রলীগের ঝটিকা মিছিলের মামলায় বিএনপি নেতা আসামি, রাজনৈতিক অঙ্গনে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশের দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি নেতা মাহবুব আলমকে আসামি করা হয়েছে। এ ঘটনায় নগরীর রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

পুলিশের দাবি, মাহবুব আলম একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে বর্তমানে তিনি নিজেকে বিএনপি নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন। অপরদিকে বিএনপি নেতারা বলছেন, মাহবুব আলম দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।

মাহবুব আলম চট্টগ্রাম নগরীর ১২ নম্বর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি ও ডবলমুরিং থানার সিটিজেন ফোরামের সদস্য। গত বছরের ৫ আগস্ট পরবর্তী সময়ে নগরীর ১৬ থানায় কমিউনিটি পুলিশিংয়ের কমিটি ভেঙে দিয়ে এই সিটিজেন ফোরাম গঠন করেছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ।

গত ১৯ সেপ্টেম্বর দুপুরে নগরীর আগ্রাবাদ বেপারিপাড়া এক্সেস রোড এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিল বের হয়। পুলিশ সেখানে গিয়ে ধাওয়া দিয়ে ১১ জনকে গ্রেপ্তার করে। পরদিন ডবলমুরিং থানায় ৬৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫–২০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। মামলার আসামির তালিকায় ৩৬ নম্বরে রয়েছে মাহবুব আলমের নাম।

মাহবুব আলম অভিযোগ করে বলেন, “আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। অথচ আমাকে আওয়ামী লীগের মিছিলে আসামি করা হয়েছে। ঘটনাস্থলে আমি ছিলাম না, তখন মসজিদে নামাজ পড়ছিলাম।”

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা বলেন, “আমাদের সক্রিয় একজন নেতাকে ছাত্রলীগের মিছিলের মামলায় আসামি করা হয়েছে। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

অন্যদিকে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, “একসময় তিনি আওয়ামী লীগ করতেন, মামলার আসামি হওয়ার পর এখন শুনছি তিনি নাকি বিএনপি নেতা। যেদিন মামলা হয়েছে, সেদিন আমি ছুটিতে ছিলাম। তার নাম কীভাবে মামলায় এলো সেটা আমরা খতিয়ে দেখছি।”

মাহবুব আলম মিছিলে উপস্থিত ছিলেন কি না—এমন প্রশ্নে ওসি বলেন, “মিছিলে ছিলেন কি না সেটা তদন্তে বেরিয়ে আসবে। আর শুধু মিছিলে অংশ নিলেই আসামি করা হয়নি, এখানে আরও বিষয় আছে। তবে তদন্তে যদি সম্পৃক্ততা প্রমাণিত না হয়, তাহলে তিনি অব্যাহতি পাবেন।”

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত