আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে— ছাত্র আন্দোলন দমনে সক্রিয় অর্থের যোগানদাতা, উসকানিদাতা ও ফ্যাসিবাদপন্থী সাংবাদিকরা নতুন করে চক্রান্ত শুরু করেছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।
বুধবার (১ অক্টোবর) বিবৃতিদাতারা বলেন, জুলাই আন্দোলনে যেসব আওয়ামী লীগপন্থী সাংবাদিক ছাত্রদের পুলিশের হাতে সোপর্দ করেছেন বা সাক্ষাৎকার নেওয়ার নামে সমন্বয়কদের চিহ্নিত করে ছাত্রলীগের হাতে তুলে দিয়েছেন, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। ২০২৪ সালের ৪ আগস্ট, চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মঞ্চ তৈরি করে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যেসব ব্যক্তি বিভিন্ন পেশাজীবী ব্যানারে কর্মসূচি পালন ও সহিংসতায় উসকানি দিয়েছেন, তাদের বিচার নিশ্চিত করতে হবে। প্রেস ক্লাব থেকে গণজাগরণ মঞ্চকে সহযোগিতা করে দৈনিক আমার দেশ, নয়া দিগন্ত, সংগ্রাম ও কর্ণফুলী অফিসে হামলায় অংশগ্রহণকারীদের বিচারের মুখোমুখি করতে হবে।
দুর্নীতি, চাঁদাবাজি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকা সাংবাদিকদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আওয়ামী লীগের কর্মসূচিতে বক্তব্য দিয়ে যারা ছাত্র আন্দোলনকে বিএনপি-জামায়াতের আন্দোলন আখ্যা দিয়েছেন, তাদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে হবে।
বিবৃতিদাতারা আরও বলেন, চট্টগ্রামে গণমাধ্যমের পবিত্রতা রক্ষা এবং ফ্যাসিবাদী চক্রকে বিচারের আওতায় আনতে অবিলম্বে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে হবে। দোষীদের স্থায়ীভাবে আইনের আওতায় আনা না হলে, আমরা জুলাই আন্দোলনের মতো রাজপথে নামতে বাধ্য হবো।
যৌথ গণস্বাক্ষরিত বিবৃতিদাতারা হলেন, সমন্বয়ক রিদুয়ান সিদ্দিকী, সমন্বয়ক মো. ফয়সাল, সমন্বয়ক নীলা আফরোজ, সমন্বয়ক ফাতেমা খানম লিজা, সাবেক সমন্বয়ক চৌধুরী সিয়াম ইলাহী, ছাত্রনেতা মো. শাহ নেওয়াজ, মো. ফাহিমুল ইসলাম, আবদুল্লাহ আল যাওয়াদ, আহত জুলাই যোদ্ধা মো. রবিউল হাসান, ওমর ফারুক সাগর, এ.কে.এম ইশতিয়াক সম্রাট, মো. সাকিল, মো. তানভীর শরীফ, তাওসিফ ইমরোজ, আহত জুলাই যোদ্ধা মো. আদনান রাফি, রিপা মজুমদার, মোছাম্মদ লাবনী, নেভী দে, মোহাম্মদ মাইনুল হোসেন, মো. রায়হান হোসেন রাফি, প্রত্যয় বড়ুয়া, হাসান আল শাহরিয়ার, ইবনে হোসাইন জিয়াদ, ফয়জুল হক জিবন, মিনজাহ রাফি, সফীকুর রুদ্র, সাফায়েত হোসেন, নাফিজা সুলতানা অমি, আব্দুল্লাহ আল নোমান, আব্দুর রহমান ও আবরার হাসান রিয়াজ প্রমুখ।


