চট্টগ্রামে যোগদান করেছেন নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। আজ রবিবার (১৯ অক্টোবর) তিনি কর্মস্থলে যোগদান করেন। ইতোপূর্বে তিনি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফেনী হিসেবে দায়িত্ব পালন করেন।
২৭ তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সাইফুল ইসলাম ২০০৮ সালে সহকারী কমিশনার হিসেবে চাকরিতে যোগদান করেন। চাকরিজীবনে সাইফুল ইসলাম সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসকসহ মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি উপসচিব হিসেবে অর্থ বিভাগ এবং ইকোনোমিক এনালিস্ট হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বাংলাদেশ রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ অফিসে দায়িত্ব পালন করেছেন।

নবনিযুক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম দায়িত্ব পালনে চট্টগ্রামের সকল নাগরিকদের সহযোগিতা কামনা করে বলেন, ‘চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সাংস্কৃতিক নগরী। এই জেলার উন্নয়ন ও সেবাখাতকে আরও কার্যকর ও জনমুখী করতে আমরা সকল সম্মানিত নাগরিকদের সহায়তা ও পরামর্শ কামনা করছি। প্রশাসন ও সম্মানিত নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রামকে একটি আরও উন্নত, বাসযোগ্য ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলাই আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। সরকারি বিধি-বিধান মেনে পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালনে জেলা প্রশাসন অঙ্গীকারবদ্ধ।’


