চট্টগ্রাম নগরের বাকলিয়া এক্সেসরোডে ছাত্রদল কর্মী মো. সাজ্জাদ হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে নিহতের পিতা মো. আলম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৩৫ থেকে ৪০ জনকে আসামি করে বাকলিয়া থানায় মামলা করেছেন।
এ হত্যাকাণ্ডের ঘটনায় মামলাযর এজাহারনামীয় ৬ জনসহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে আজ বুধবার (২৯ অক্টোবর) পর্যন্ত চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো—সবুজ ইসলাম মিরাজ (২৪), মো. সাইদুল ইসলাম (২০), এমরান হোসেন সাগর (৩০), জিহান (২২), মো. তামজিদুল ইসলাম প্রকাশ সাজু (৪৭), মো. আরাফাত (২২), মো. ওসমান (২৮) ও দিদারুল আলম রাসেল।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, ‘সাজ্জাদ হত্যার ঘটনায় তার পিতা মো. আলম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো ৩৫ থেকে ৪০ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে নগরীর বাকলিয়া অ্যাক্সেস রোড এলাকায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান সাজ্জাদ।
নিহত সাজ্জাদ কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন হিরাকান্দা এলাকার মো. আলমের ছেলে। তিনি নগরীর বাকলিয়া থানার তক্তারপুল এলাকার বিসমিল্লাহ টাওয়ারে বসবাস করতেন। তিনি বাকলিয়া থানা ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন।


