বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

রাঙামাটি শহরে মাদকের আসরে পুলিশের হানায় আটক ৬

রাঙামাটি প্রতিনিধি :

রাঙামাটি শহরে ভাড়া বাসায় মাদকের আসর বসিয়ে উঠতি বয়সী তরুণদের মাদক সেবনের সময় হাতেনাতে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শহরের কাঠালতলী এলাকায় স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালী থানা পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃতরা শুধু মাদক সেবনই করছিল না, অনলাইনে কেসিনো গেম খেলার সাথেও জড়িত ছিল।

গ্রেফতারকৃতরা হলেন—রাঙামাটি শহরের ৩নং ওয়ার্ডের মো. খোরশেদ আলম (৩৭), মহিলা কলেজ এলাকার মো. নাঈম উদ্দিন (৩০), পুরাতন বাসস্টেশন এলাকার ঠিকাদার মো. মেহেরাজ হোসেন তারেক (২৪), আলম ডক ইয়ার্ডের শরিফুল (১৯), বনরূপা ফরেস্ট কলোনির মো. রায়হান (২১) এবং কাঠালতলী লেকার্স স্কুল সংলগ্ন এলাকার আব্দুল আলীম (২১)।

কোতোয়ালী থানার সেকেন্ড অফিসার জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং শুক্রবার তাদের আদালতে প্রেরণ করা হবে।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, “রাঙামাটি জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অনলাইন কেসিনো, মাদক সেবনকারী ও বিক্রেতাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “উঠতি বয়সী তরুণ-তরুণীদের মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পিতা-মাতা ও অভিভাবকদের আরও সচেতন হতে হবে। সমাজ থেকে মাদক ও জুয়া নির্মূলে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। তথ্য প্রদানকারীর পরিচয় সর্বদা গোপন রাখা হবে।”

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত