বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

এক যুগ আগে জাল নোট উদ্ধারের মামলায় এক ব্যক্তিকে ১৪ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকায় এক যুগ আগে মো. আবুল কাশেম (৪০) নামে এক ব্যক্তিকে জালনোটসহ গ্রেফতারের মামলায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) চট্টগ্রাম মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল-৮ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম সিরাজাম মুনীরা এ রায় দেন। দণ্ডিত মো. আবুল কাশেম কক্সবাজারের জেলার উখিয়া উপজেলার পশ্চিম হলদিয়া গ্রামের মৃত আবুল বশরের ছেলে।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, ‘আদালতে পাঁচজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে জাল নোটের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. আবুল কাশেমকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায় ঘোষণার সময় আসামি অনুপস্থিত ছিলেন।’

মামলার নথি পর্যালোচনায় জানা গেছে, ২০১৩ সালের ২২ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে নগরীর বাকলিয়া থানার রাজাখালী ব্রিজের উত্তর পাশে অভিযান চালিয়ে পুলিশ আবুল কাশেমকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২৮টি এক হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়। এ ঘটনায় বাকলিয়া থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল করিম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১৪ সালে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর বিশেষ ক্ষমতা আইনের ২৫(এ) ধারায় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত