বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

রাউজানে ৪০ মামলার শীর্ষ সন্ত্রাসী মেজর ইকবাল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের রাউজান থানা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ৪০ মামলার আসামি মো. ইকবাল হোসেন চৌধুরী ওরফে মেজর ইকবালকে (৫২) গ্রেফতার করেছে রাউজান থানা পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) রাতে রাউজান থানাধীন পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে রাউজান থানা পুলিশ এ তথ্য জানায়।

গ্রেফতার মেজর ইকবাল রাউজান উপজেলার পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের সুলতানপুর কালু মেম্বারের বাড়ীর আব্দুল কুদ্দুছ ওরফে কালু মেম্বারের ছেলে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, ‘মেজর ইকবাল থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে রাউজান, ফটিকছড়ি এবং রাঙ্গুনিয়া থানায় খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ সর্বমোট ৪০টির বেশি মামলা রয়েছে। এরমধ্যে রাউজানে তার বিরুদ্ধে ৬টি হত্যা মামলাসহ দাঙ্গা-মারামারি ও অপহরণ সংক্রান্ত সর্বমোট ১১টি মামলার তথ্য পাওয়া গেছে।’

ওসি জানান, মেজর ইকবাল রাউজানের চাঞ্চল্যকর শ্যামল হত্যা, আমান হত্যা, ভিপি বাবর ও মুজিব হত্যা মামলার আসামি।

স্থানীয়রা জানান, মেজর ইকবাল একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় আসে সে দলের নাম ভাঙিয়ে এলাকায় খুন, চাঁদাবাজি, দখলবাজিসহ নানান অপরাধ মূলক কর্মকাণ্ড সংর্ঘটিত করে আসছিল। বিগত সময়ে সে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে এমন কোন অপকর্ম নেই যা মেজর ইকবাল করেনি। গত বছরের ৫ আগস্টের পর কিছুদিন আত্মগোপনে চলে যায়। পরে বিএনপির এক নেতার আশ্রয়ে আবারও রাউজানসহ উত্তর চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অপরাধ জগত নিয়ন্ত্রণে বেপরোয়া হয়ে উঠে ইকবাল।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত