বাংলাদেশে পাঁচ দিনের শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনীর জাহাজ ‘গ্রিমিয়াশ্চি’ (GREMYASHCHY) আজ সোমবার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। জাহাজটি বন্দরে নোঙর করার সময় কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার আগত কর্মকর্তা ও নাবিকদের ফুল দিয়ে বরণ করেন। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে। স্বাগত অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার মিলিটারি অ্যাটাশেসহ নৌবাহিনীর স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ যথাযোগ্য অভ্যর্থনা জানায়।
বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজের অধিনায়ক ও রাশিয়ার মিলিটারি অ্যাটাশেসহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট, এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড এবং চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরকারী কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নেভাল একাডেমির রেডকিন পয়েন্টে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং নৌবাহিনীর বিভিন্ন জাহাজ-ঘাঁটি, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত বিএন আশার আলো স্কুলসহ চট্টগ্রামের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করবেন। একইসঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও রাশিয়ান জাহাজটি পরিদর্শন করবেন।
এই শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর সদস্যরা পেশাগত কার্যক্রম, উৎকর্ষ, প্রযুক্তি ও দক্ষতা বিষয়ে প্রত্যক্ষভাবে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন। এতে ভবিষ্যৎ প্রশিক্ষণ, পারস্পরিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, রাশিয়ান নৌবাহিনীর জাহাজ এর আগেও শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে। চলমান সফর শেষে ‘গ্রিমিয়াশ্চি’ আগামী ২১ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করবে।


