“এদেশের অধিকাংশ মানুষ দারিদ্রসীমার মধ্যে জীবনযাপন করেন। সেই সব মানুষের আইনগত অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্র বদ্ধপরিকর। আইনগত সহায়তা জনগণের সাংবিধানিক অধিকার। এজন্য দ্রুত সময়ে বিচারপ্রার্থী জনগণকে বিনা খরচে ন্যায়বিচার পৌঁছে দিতে লিগ্যাল এইড অফিস কার্যকরভাবে কাজ করে যাচ্ছে”— জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে এমন মন্তব্য করেছেন কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিন।
বুধবার বিকেল ৪টায় চট্টগ্রাম জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সঞ্চালনা করেন চীফ লিগ্যাল এইড অফিসার (বিচারক) রূপন কুমার দাশ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সোহাগ তালুকদার, ভারপ্রাপ্ত জজ নেজারত বিভাগ আরফাতুল রাকিব, জেলা ম্যাজিস্ট্রেট প্রতিনিধি ও সিনিয়র সহকারী কমিশনার মোঃ ফাহমুন নবী, মেট্রোপলিটন পুলিশের এডিসি প্রসিকিউশন মাহমুদুল হাসান মামুন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আবদুস ছাত্তার, সাধারণ সম্পাদক এড. মোঃ হাসান আলী চৌধুরী, মহানগর পাবলিক প্রসিকিউটর এড. মফিজুল হক ভূঞা, নারী ও শিশু ট্রাইব্যুনালের বিশেষ পিপি এড. আলমগীর মোঃ ইউনুছ, বিচার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, লিগ্যাল এইড প্যানেল আইনজীবী, জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য এবং এনজিও প্রতিনিধিবৃন্দ।
সভায় সরকারি আইনি সহায়তা কার্যক্রমকে তৃণমূলে আরও গতিশীল করতে বেসরকারি উন্নয়ন সংস্থা ওভের–এর গৃহীত প্রকল্প বিষয়ক প্রস্তাবনা উপস্থাপন করেন সংস্থার প্রকল্প কর্মকর্তা মোঃ আলাউদ্দিন।
এছাড়া জেলা লিগ্যাল এইড অফিস চট্টগ্রামে ইন্টার্নশিপ সম্পন্ন করায় তিনজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।
সভায় বক্তারা বলেন, সমাজের দরিদ্র ও অসহায় মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে লিগ্যাল এইড কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই সেবাকে আরও শক্তিশালী ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।


