আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
বুধবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে মানববন্ধনের একটি ভিডিও ছড়িয়ে পড়লে আলোচনা শুরু হয়।
ফেসবুকে এ মানববন্ধনের ভিডিও শেয়ার করেছেন নগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানি জনি। তিনি এখন নিজেকে যুবলীগ নেতা পরিচয় দেন। তিনি বলেন, আজ সকাল সাড়ে সাতটা থেকে আটটার দিকে এই মানববন্ধন হয়েছে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পুলিশ জানায়, নগরের কোতোয়ালি এলাকায় কোর্ট হিলে অবস্থিত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন নেতা–কর্মীরা। তবে এটি কখনকার, তা নিশ্চিত নয়। চট্টগ্রাম কোর্ট হিলে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা ও দায়রা জজ আদালত, আইনজীবীদের চেম্বার ও বার অ্যাসোসিয়েশন ভবনসহ নানা সরকারি স্থাপনা রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি–ভিডিওতে দেখা যায়, ভোরে সরকারি অফিসের কার্যক্রম শুরুর আগে এ মানববন্ধন করেন নেতা–কর্মীরা। তাদের হাতে ব্যানার ও প্ল্যাকার্ড ছিল। বাংলাদেশ আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধন করা হয়েছে। ব্যানারে নগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানির নাম লেখা ছিল।
মানববন্ধনের একটি ভিডিও নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে গোলাম সামদানি লিখেছেন, ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের নির্দেশনা মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।’
জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, ‘আমরা এ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ওই জায়গায় পুলিশ পাঠিয়েছি। তবে কিছু পাওয়া যায়নি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও পাওয়া যায়নি। ঘটনাটি আজকের নাকি আগের ঘটনাকে আজকের বলে চালিয়ে দেওয়া হচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’


