চট্টগ্রাম নগরীর মিষ্টিপ্রেমীদের জন্য আরও এক নতুন সংযোজন হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুইট ক্লাব প্রিমিয়াম সুইটস এন্ড বেকার্স’-এর ৮ম শোরুম। আধুনিক সেবা, উন্নত মানের উপকরণ এবং বৈচিত্র্যময় স্বাদের প্রতিশ্রুতি নিয়ে নগরীর জিইসি মোড় সিটি কর্পোরেশন ভবনের জামান হোটেলের পাশে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় এই নতুন আউটলেট।
শুক্রবার (১৭ এপ্রিল) বর্ণাঢ্য পরিবেশে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান। তিনি ফিতা কেটে এবং কেক কাটার মাধ্যমে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাইফুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “ভোক্তাদের দোরগোড়ায় মানসম্মত ও স্বাস্থ্যসম্মত খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে মান বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি আশা করি ‘সুইট ক্লাব’ তাদের পণ্যের গুণগত মান ধরে রেখে গ্রাহকদের আস্থা অর্জন করবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খালেদুল আনোয়ার, চকবাজার ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী আলহাজ্ব মুহাম্মদ ইলিয়াস, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন, মাওলানা সলিমুল্লাহ হাবিবি, নিজাম রোড আবাসিক এলাকার প্রতিনিধি, হাফেজ মাওলানা ড. মহিউদ্দীন মাহবুব (বিভাগীয় প্রধান, সাউদার্ন ইউনিভার্সিটি চট্টগ্রাম), আলহাজ্ব ফজল আহমদ হারুন (সভাপতি, বাংলাদেশ পুস্তক ও প্রকাশক সমিতি, চট্টগ্রাম), ড. মুহাম্মদ আজিজুল হক (বিভাগীয় প্রধান, ইংরেজি বিভাগ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়), নুরুল ইসলাম সিকদার, কাজী জসীম উদ্দিনসহ বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজিম, খুলশী থানার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান আলম, আরশাদুল ইসলাম, গিয়াসউদ্দিন তালুকদার, আরিফুল ইসলাম চৌধুরী, আকতার কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সুইট ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। অতিথিদের জন্য বিশেষভাবে পরিবেশন করা হয় বিভিন্ন ধরনের প্রিমিয়াম মিষ্টি, কেক ও বেকারি আইটেম, যা উপস্থিত সবার মাঝে ব্যাপক সাড়া ফেলে।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাইফুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “গ্রাহকদের রুচি ও চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত পরিবেশে প্রিমিয়াম মানের মিষ্টি ও বেকারি পণ্য তৈরি করে থাকি। আমাদের লক্ষ্য শুধু ব্যবসা সম্প্রসারণ নয়, বরং গ্রাহকদের আস্থা অর্জন করা। ভবিষ্যতে আরও নতুন নতুন আইটেম সংযোজনের মাধ্যমে আমরা পণ্যের পরিধি বৃদ্ধি করার পরিকল্পনা নিয়েছি।”

তিনি আরও জানান, বর্তমানে ক্রেতারা শুধু ঐতিহ্যবাহী মিষ্টিই নয়, বরং আধুনিক ডিজাইনের কেক, ফিউশন ডেজার্ট এবং দেশি-বিদেশি স্বাদের নানা বেকারি পণ্য একসাথে এই শোরুম থেকে সংগ্রহ করতে পারবেন। জন্মদিন, বিবাহ, কর্পোরেট অনুষ্ঠানসহ যেকোনো আয়োজনে উপযোগী কাস্টমাইজড কেক ও মিষ্টান্নও এখানে অর্ডার করা যাবে।
নতুন এই শোরুম চালুর ফলে নগরবাসী এখন তাদের হাতের নাগালেই পাচ্ছেন উন্নত মানের, স্বাস্থ্যসম্মত এবং নান্দনিক উপস্থাপনায় তৈরি বিভিন্ন মিষ্টান্ন ও বেকারি পণ্য। উদ্যোক্তাদের মতে, ভবিষ্যতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আরও শোরুম চালুর পরিকল্পনা রয়েছে, যা স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
সব মিলিয়ে, ‘সুইট ক্লাব প্রিমিয়াম সুইটস এন্ড বেকার্স’-এর এই নতুন শোরুমটি চট্টগ্রামের খাদ্যসংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


