মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
Single Top Banner

আইনজীবী আলিফ হত্যায় আরও এক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় পলাতক আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) দুপুরে নগরীর কোতয়ালি থানাধীন বান্ডেল রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার লালা দাস মেথর (৪০) নগরের কোতোয়ালী থানাধীন বান্ডেল রোডের সেবক কলোনীর মেথরপট্টি এলাকার মৃত গঙ্গাদিন মেথরের ছেলে। আলিফ হত্যায় আদালতে পুলিশের দেওয়া চার্জশীটে তার নাম রয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতার উদ্দিন বলেন, ‘তথ্য প্রযুক্তির সহায়তায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি লাল দাস মেথরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ মামলায় বাকী আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।’

আলিফ হত্যা মামলার আইনজীবী ও চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চার্জশিটভুক্ত অন্যতম আসামি লালা দাস মেথরকে পুলিশ গ্রেফতার করেছে। এই মামলায় চার্জশীটভুক্ত মোট ৩৯ জন আসামির মধ্যে মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। আরও ১৩ জন আসামি পলাতক রয়েছে।’

২০২৪ সালের ২৫ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়, আদালত জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সে সময় চিন্ময় দাসের অনুসারীরা তার মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন এবং তাকে কারাগারে নেওয়ায় বাধা প্রদান করেন।

পরে বিক্ষোভকারীরা আদালত চত্বরে বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর এবং কোর্ট বিল্ডিং কমপ্লেক্সের নিচতলায় অবস্থিত একটি চেম্বার ক্ষতিগ্রস্ত করেন। বিক্ষোভের একপর্যায়ে আদালতের বিপরীত পাশে রঙ্গম কনভেনশন সেন্টার এলাকায় অবস্থানরত আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার উদ্দেশ্যে বিক্ষোভে অংশগ্রহণকারীরা আলিফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে বলে অভিযোগ ওঠে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে নগরীর কোতয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

২০২৫ সালের ১ জুন মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা, কোতয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান ৩৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

গত বছরের ২৫ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালত চার্জশিটের গ্রহণযোগ্যতা শুনানি শেষে ৩৯ আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন। বর্তমানে এ মামলায় আদালতে সাক্ষ্য গ্রহণ চলছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত