শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Single Top Banner

ঈদগাঁওয়ে অর্ধশত বছরের  দুর্ভোগের  ছাগল বাজার অবশেষে গরু বাজারে স্থানান্তর

আনোয়ার হোছাইন, ঈদগাঁও(কক্সবাজার)

স্বাধীনতা পরবর্তী সময় থেকে উপজেলার  ঈদগাঁও বাজার  ডিসি সড়কের উভয় পাশে চলে আসা ছাগল বাজারটি অবশেষে  গরু বাজারে স্থানান্তর হয়েছে। এ সংবাদে  সর্বমহলে স্বস্তি নেমেছে।

সরেজমিনে দেখা যায়, শনিবার (১৮ এপ্রিল)  সকাল থেকে ডিসি সড়কের ছাগল বাজারটি ঐতিহ্যবাহী ঈদগাঁও গরু বাজারস্থ আলমাছিয়া মাদ্রাসা গেইট এলাকায় স্থানান্তরে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের তত্বাবধানে প্রস্তুতি শুরু হয়।বিকেল বেলা ঘনিয়ে আসার সাথে সাথে ছাগল ব্যবসায়ী ও ঘরোয়া বিক্রেতারা তাদের ছাগল নিয়ে নতুন স্থানে জড়ো হতে শুরু করে।

এসময় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)  আব্দুল হাকিম পরিষদের কর্মচারী ও উপজেলা প্রশাসনের কর্মচারীদের সহযোগিতায় নির্বিঘ্নে নতুন  ছাগল বাজার পরিচালনার জন্য নিজে উপস্থিত থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেন।

এসময় উপস্থিত ক্রেতা ও বিক্রেতারা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, সাপ্তাহিক বাজারের দিন গুলোতে  বাজারের ডিসি সড়কে ছাগল বাজার বসাতে পথচারীদের দুর্ভোগের পাশাপাশি তাদেরও চরম হয়রানির শিকার হতে হত  কয়েক দশক ধরে।ছাগল বাজারটির কারণে অব্যাহত যানজট নিরসনে  বাজারটি ভিন্ন জায়গায় স্থানান্তরের দাবি  উঠলেও তা আলোর মুখ দেখেনি।

বিশেষ করে বিগত অন্তবর্তী সরকারের সময়ে এ দাবি গণদাবিতে রুপ নেয়। ছাগল বাজারটি সরানোর দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করেন উপজেলার দুই তরুন আইনজীবী এডভোকেট মোবারক সাঈদ, এডভোকেট এসকে ফারুকী ও গণমাধ্যমকর্মী মিছবাহ উদ্দিন । পরে আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসন সরেজমিনে উক্ত বাজারস্থল এবং সম্ভাব্য নতুন স্থানও পরিদর্শন করেন। অবশেষে দেরিতে হলেও এ বাজার স্থানান্তর হওয়ায় ঐতিহ্যবাহী ঈদগাঁও বাজারবাসী কয়েক দশকের দূর্ভোগ থেকে মুক্তি পেল।

ঈদগাঁও সদর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল হাকিম জানান, এমপি লুৎফুর রহমান কাজলের নির্দেশনায় আগের স্থান থেকে ছাগল বাজার গরু বাজারের  পাশাপাশি স্থানে নিয়ে যাওয়ায় ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য সুবিধা হয়েছে এবং বাজারবাসীও দীর্ঘ যানজটের অভিশাপ থেকে মুক্তি পেয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত