শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Single Top Banner

নেত্রকোনা-৫ আসনের জামায়াত মনোনীত এমপির ওপর হামলা, গাড়ি ভাঙচুর; ঘণ্টাখানেক অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক :

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার ওপর হামলা, তার গাড়ি ভাঙচুর এবং তাকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলা উপজেলার আতকাপাড়া এলাকার গিরিপথ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে উদ্ধার করা হয়।

সংসদ সদস্য মাছুম মোস্তফা অভিযোগ করেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ হামলা চালায়। তিনি বলেন,
“আমি পাম্পে তেল নিতে গিয়েছিলাম। এ সময় প্রায় শতাধিক লোক নিয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসতিয়াক আহমেদ বাবুর নেতৃত্বে হামলা করা হয়। আমার গাড়ি ভাঙচুর করে আমাকে অবরুদ্ধ করে রাখা হয়। আমার কর্মী-সমর্থকেরা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়।”

স্থানীয় সূত্রে জানা যায়, হামলার সময় এমপিকে ঘিরে রাখা হয়। পরে জামায়াতের নেতাকর্মীরা তাকে উদ্ধার করে একটি মসজিদে নিয়ে যান। সেখান থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে করে তাকে পূর্বধলা সদরে পৌঁছে দেওয়া হয়। ঘটনার আগের দিন থেকেই এলাকায় বিএনপির নেতাকর্মীদের উত্তেজনামূলক স্লোগানসহ মিছিল করতে দেখা যায় বলে জানা গেছে।

নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংসদ সদস্যকে উদ্ধার করে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।

পূর্বধলা উপজেলার নির্বাহী কর্মকর্তা তাসনিম জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আমি খবর পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাকে নিরাপদে উপজেলা সদরে নিয়ে আসি।”

অন্যদিকে, পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক ও ধানের শীষের প্রার্থী আবু তাহের তালুকদার বলেন, “ঘটনার কথা শুনেছি, তবে কারা করেছে তা জানা নেই।”

এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা জামায়াত। জেলা আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ ও সেক্রেটারি মো. বদরুল আমিন যৌথ বিবৃতিতে বলেন, সংসদ সদস্য একটি মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ফেরার পথে মাগরিবের নামাজ পড়তে মসজিদে গেলে তার গাড়িতে হামলা চালানো হয় এবং তাকে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়।

বিবৃতিতে তারা আরও বলেন, “দেশের বর্তমান সংকটময় সময়ে এ ধরনের হামলা দেশের স্থিতিশীলতার জন্য হুমকি। জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, অন্যথায় এর দায় প্রশাসনকেই নিতে হবে।”

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত