বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

চীনের হয়েই আন্তর্জাতিক মঞ্চে খেলতে চান অস্কার

ক্রীড়া প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলে তারার মতোই আবির্ভাব ঘটেছিল ব্রাজিলিয়ান তরুণ ফুটবলার অস্কার সান্তো এমবাওবার। প্রত্যাশা ছিল ব্রাজিলের হয়ে বিশ্ব মাতাবেন ২৮ বছর বয়সী এ অ্যাটাকিং মিডফিল্ডার। কিন্তু নিজের প্রতিভার মূল্যায়ন করতে না পেরে এখন হারিয়ে যাওয়া তারকা অস্কার।

২০১১ সালে ব্রাজিলের মূল দলে অভিষেক, ২০১৮ সালে সবশেষবার ডাক পেয়েছিলেন বিশ্বকাপ বাছাইপর্বে খেলার জন্য। কিন্তু বিশ্বকাপের মূল পর্বে ঠাই হয়নি তার। ব্রাজিলের জার্সি গায়ে ৪৭ ম্যাচ খেলে ১২টি গোল রয়েছে অস্কারের। কিন্তু নিকট ভবিষ্যতে আর জাতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

তাই ভিন্ন চিন্তা শুরু করেছেন বর্তমানে চাইনিজ ক্লাব শাংহাইয়ে খেলা এ মিডফিল্ডার। যেহেতু ব্রাজিলের হয়ে এখন আর খেলার তেমন সম্ভাবনা নেই, তাই জাতীয়তা বদলে চীনের হয়েই আন্তর্জাতিক মঞ্চে খেলার কথা ভাবছেন অস্কার। এখন তিনি তাকিয়ে ফিফার নিয়ম পরিবর্তনের দিকে।

গত ২০১৭ সালে ইংলিশ ক্লাব চেলসি ছেড়ে চাইনিজ ক্লাব শাংহাই এসআইপিজিতে যোগ দিয়েছিলেন অস্কার। বিনিময়ে পেয়েছেন মোটা অঙ্কের ট্রান্সফার মানি ও লোভনীয় বেতন। তিন বছর ধরে চীনে খেলার ফলে দেশটির ভাব-ভঙ্গিমা বুঝে ফেলেছেন অস্কার। তাই এখন দেশটির জাতীয় দলে খেলার ইচ্ছা তার।

স্পোর্টস সিনকে দেয়া সাক্ষাৎকারে অস্কার বলেছেন, ‘আমি অবশ্যই এটি (চীনের হয়ে খেলা) নিয়ে ভাবি। কারণ এখন আমি এখানে হওয়ায় ব্রাজিলের হয়ে খেলা খুবই কঠিন। তবে চীনের সবাই জানে আমি ঠিক কতটা ভালো খেলতে পারি।’

তিনি আরও যোগ করেন, ‘চীনের ফুটবল দলে এখন একজন ভালো মিডফিল্ডার দরকার। আমি এই জায়গাটায় সাহায্য করতে পারি। আমি চীনকে পছন্দ করি। তবে যারা চীনে আসার জন্য জাতীয়তা পরিবর্তন করে, তারাও ভালো করতে পারবে (চীনের হয়ে)।’

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত