মঙ্গলবার, ১২ মে ২০২৬
Single Top Banner

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসিইউতে ডায়ালাইসিস সেবা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতাল-এ এই প্রথমবারের মতো দীর্ঘদিনের প্রতীক্ষিত ডায়ালাইসিস সেবা কার্যক্রম চালু করা হয়েছে।

রবিবার (৩ মে) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইসিইউতে ডায়ালাইসিস সেবার উদ্বোধন করেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোঃ আবু সুফিয়ান। উদ্বোধনের পর হাসপাতালের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর তারেক রহমান-এর নেতৃত্বে সরকার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। তিনি বলেন, জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও জানান, সমাজসেবক ও ব্যবসায়ী আনামুল হক ইকবাল-এর সহযোগিতায় হাসপাতালের আইসিইউতে ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হয়েছে, যা কিডনি রোগীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে এখানে পৃথক ডায়ালাইসিস ইউনিট স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

এমপি আবু সুফিয়ান বলেন, ইতোমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ সংশ্লিষ্ট হাসপাতালগুলোর সমস্যা চিহ্নিত করে তা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী স্বাস্থ্যখাতে প্রয়োজনীয় বরাদ্দ প্রদানে আশ্বাস দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী ছয় মাসের মধ্যে এসব হাসপাতালের সেবার মান দৃশ্যমানভাবে উন্নত হবে।

তিনি বলেন, শুধুমাত্র সরকারের ওপর নির্ভর না করে বেসরকারি উদ্যোগেও স্বাস্থ্যখাতে এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে সমাজের বিত্তশালী ও মানবপ্রেমী ব্যক্তিদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
চিকিৎসা ব্যয়ের প্রসঙ্গে এমপি বলেন, বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা ব্যয় অনেক বেশি হওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছে। অনেকেই চিকিৎসা শেষে আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়েন। এই অবস্থার পরিবর্তন করে সরকারি হাসপাতালের সেবা জনগণের জন্য সহজলভ্য করার ওপর জোর দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সহযোগী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. মোঃ একরাম হোসেন। সঞ্চালনায় ছিলেন ডা. মৌমিতা দাশ ও ডা. সাকিব জিয়াউদ্দিন মোঃ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন ডা. মইনুল আহসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. বেলায়েত হোসেন ঢালী, ডা. এ.এস.এম ইফতেখারুল ইসলাম লিটন, ডা. বিজন কুমার নাথ, ডা. রাজদীপ বিশ্বাসসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত