নগরের হালিশহরের নয়াবাজার বিশ্বরোড এলাকায় একটি রেস্টুরেন্টে গোপন বৈঠকের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ জন সদস্যকে আটক করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
রোববার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তায়েফ রেস্টুরেন্ট থেকে তাঁদের আটক করা হয়।
গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, নিষিদ্ধ হওয়ার পরও ছাত্রলীগের কিছু সদস্য সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছিলেন। বিদেশে অবস্থানরত পলাতক নেতাদের নির্দেশনায় স্থানীয় পর্যায়ে সংগঠন পুনর্গঠনের চেষ্টা চলছিল বলেও তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিবি উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অভিযান চালিয়ে রেস্টুরেন্টের ভেতরে বৈঠকরত অবস্থায় ১৩ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ‘শেখ হাসিনা ঐক্য পরিষদ’-এর প্রধান সংগঠকও রয়েছেন।
উল্লেখ্য, ২০২৪ সালে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে সারা দেশে বিভিন্ন সময়ে সংগঠনটির সদস্যদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


