লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়া এলাকায় বালু উত্তোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। বালু উত্তোলনের ফলে রাস্তাঘাট ধ্বংস ও পরিবেশগত ক্ষতির প্রতিবাদে ইউনিয়নের ১নং ও ৭নং ওয়ার্ডের জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন।
আজ সকাল ১০ টা থেকে জঙ্গল পদুয়া অভিমুখী প্রধান সড়কে গাছ ফেলে চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র বালু উত্তোলন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর ফলে ভারী ড্রাম্প ট্রাক (ডাম্পার) চলাচলের কারণে গ্রামীণ সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এবং কৃষি জমি ও বসতবাড়ি, মসজিদ মাদরাসা হুমকির মুখে পড়েছে।
অবরোধে অংশ নেওয়া ৭নং ওয়ার্ডের বাসিন্দা আকতার হোসেন বলেন, “আমাদের শান্ত গ্রামকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। দিন-রাত অবৈধ বালুর ট্রাক গাছের গাড়ি, ইটের গাড়ি চলানো হচ্ছে। এতে আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না, জঙ্গল পদুয়া যে ব্রীজটি রয়েছে সেটা ধসে পড়ছে। আমরা বারবার প্রশাসনকে জানিয়েও কোনো প্রতিকার পাইনি, একটি সিন্ডিকেট আজকে সকালে বালু উত্তোলন করার জন্য প্রস্তুতি নিচ্ছিল তাই আজ বাধ্য হয়ে ১নং এবং ৭ নং ওয়ার্ডের জনগণ রাস্তায় নেমেছি।”
১নং ওয়ার্ডের নুরুল ইসলাম বলেন, “বালু তোলার কারণে আমাদের আবাদি জমি বিলীন হয়ে যাচ্ছে। ধুলোবালিতে ঘরের ভেতর থাকা দায় হয়ে পড়েছে। পাশে মসজিদ মাদরাসা রয়েছে সেগুলো কয়দিন পর হাঙ্গর খালের সাথে বিলীন হয়ে যাবে। এই বালু উত্তোলন বন্ধ না হওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না।”
সড়ক অবরোধের ফলে ওই এলাকায় বালুবাহী ট্রাকসহ সব ধরনের যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সড়ক অবরোধ পরবর্তী পুলিশ প্রশাসন ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে আসেনি। স্থানীয়রা জানান, বালু উত্তোলন করার অনুমতি থেকে থাকে, এরপরও আমরা এলাকাবাসী মিলে এর প্রতিবাদ করবো।


