বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) লোহাগাড়া শাখার আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, প্রার্থীদের প্রচার-প্রচারণা ও গণসংযোগে ততই মুখরিত হয়ে উঠছে স্থানীয় জুয়েলারি পাড়া।
বৃহস্পতিবার দিনভর লোহাগাড়ার বিভিন্ন এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া চেয়েছেন সভাপতি পদপ্রার্থী কৃষ্ণ রঞ্জন নাথ। তার সাথে ছিলেন বিপুল সংখ্যক সমর্থক ও শুভাকাঙ্ক্ষী।
সভাপতি পদপ্রার্থী কৃষ্ণ রঞ্জন নাথ লোহাগাড়া সদরসহ আশপাশের বিভিন্ন বিপণী বিতানে অবস্থিত জুয়েলারি দোকানগুলোতে যান। তিনি ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রতিশ্রুতি দেন।
গণসংযোগকালে কৃষ্ণ রঞ্জন নাথ বলেন ,ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং বাজুস লোহাগাড়া শাখাকে একটি আদর্শ ও ঐক্যবদ্ধ সংগঠন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। আমি নির্বাচিত হলে সকল সদস্যের সুখে-দুঃখে পাশে থাকব এবং জুয়েলারি শিল্পের উন্নয়নে কাজ করে যাব।”
তার সাথে থাকা সমর্থকেরা জানান, কৃষ্ণ রঞ্জন নাথ একজন দক্ষ এবং অভিজ্ঞ সংগঠক। সাধারণ ভোটারদের মধ্যে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার সময় ব্যবসায়ীরাও তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
নির্বাচনী আবহ
লোহাগাড়া বাজুসের এই ত্রি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ ভোটারদের মধ্যে চলছে নানা বিশ্লেষণ। ব্যবসায়ীরা চান এমন এক নেতৃত্ব, যারা আধুনিক জুয়েলারি শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলা করে স্থানীয় ব্যবসায়ীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করবে।


