ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রামে নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাহমুদা বেগম। বৃহস্পতিবার (১৪ মে) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মাহমুদ।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রামের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় নবনিযুক্ত পুলিশ সুপার মাহমুদা বেগমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মাহমুদ দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে নবনিযুক্ত পুলিশ সুপারের সফলতা কামনা করেন তিনি।
নবনিযুক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম শিল্পাঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শিল্পকারখানাগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রামের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, নতুন পুলিশ সুপারের নেতৃত্বে শিল্পাঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা আরও গতিশীল ও কার্যকর হবে।


