শনিবার, ২৩ মে ২০২৬
Single Top Banner

ঈদগাঁও উপজেলাবাসী ভূমিসেবা মেলা থেকে বঞ্চিত

আনোয়ার হোছাইন, ঈদগাঁও (কক্সবাজার) : 

দেশজুড়ে চলমান ভূমিসেবা মেলা থেকে বঞ্চিত হয়েছেন কক্সবাজারের ঈদগাঁও উপজেলাবাসী।এ নিয়ে ভূমি সংশ্লিষ্ট জনগণের মাঝে হতাশা বিরাজ করছে। এজন্য তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহেলাকে দায়ী করছেন।

সরকারের ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশ জুড়ে একযোগে ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত তিনদিন ব্যাপী সকল উপজেলায় ভূমিসেবা মেলা শুরু হয়েছে । যা থেকে জনগণ সহজেই ডিজিটাল পদ্ধতিতে ভূমি সংশ্লিষ্ট যাবতীয় সেবা সহজে গ্রহণের সুযোগ পাচ্ছেন । এতে করে জনগণ দালাল চক্রের ফাঁদ থেকে রক্ষা পাবেন বলে না করা হচ্ছে।

ভূমি সংশ্লিষ্ট যাবতীয় সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে যুগান্তকারী এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। যাতে মানুষ এ সেবা মেলার মাধ্যমে সচেতন হয়ে নিজের সম্পত্তিকে নিরাপদ রাখতে এবং সরকারের প্রাপ্ত কর পরিশোধসহ অন্যান্য সুবিধা -অসুবিধার সমাধান সহজেই পাবেন।

ইতিমধ্যে দেশজুড়ে চলা এ ভূমিসেবা মেলার বৃহস্পতিবার তৃতীয় তথা সমাপনী দিন অতিবাহিত হলেও কক্সবাজারের ঈদগাঁও উপজেলার লাখো জনগণ নিজ উপজেলায় এ ভূমিসেবা মেলা থেকে বঞ্চিত রয়েছে।

এ নিয়ে সচেতন জনগণ ও ভূসম্পত্তি মালিকরা হতাশা প্রকাশ করে বলেন,উপজেলা বাস্তবায়নের পাঁচ বছর অতিবাহিত হতে চললেও অদ্যাবধি উপজেলা ভূমি অফিস প্রতিষ্ঠা হয়নি। যার কারণে এখনো পর্যন্ত পার্শ্ববর্তী অর্ধশত কিলোমিটার দূরত্বের কক্সবাজার সদর উপজেলা ভূমি অফিসে গিয়ে নিজ উপজেলার জনগণকে ভূমি সেবা নিতে হচ্ছে। এতে করে স্বতন্ত্র উপজেলা হওয়ার পরেও ভিন্ন উপজেলায় গিয়ে সেবা নিতে সময় এবং অর্থ অপচয়ের পাশাপাশি নিয়মিত দূর্ভোগ ও হয়রানির শিকার হতে হচ্ছে।

তাদের দাবি, উপজেলার উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ চাইলে বিশেষ ব্যবস্থায় নিজ উপজেলায় ক্ষুদ্র পরিসরে হলেও উপজেলার জনগণের দূর্ভোগের কথা চিন্তা করে এ ভূমি সেবা মেলার আয়োজন করতে পারতেন। এইজন্য তারা উপজেলার কর্মকর্তাদের অবহেলা ও কর্মক্ষমতার দুর্বলতা কে দায়ী করছেন।

তারা অবিলম্বে অত্র উপজেলায় নিজস্ব ভূমি অফিস স্থাপন ও সহকারী কমিশনার (ভূমি) নিয়মিত পদায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা’র সরকারি মোবাইল নম্বরে বারবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) (অতিরিক্ত দায়িত্ব) ঈদগাঁও উপজেলা শারমিন সোলতানার সাথে যোগাযোগ করা হলে জানান, এখনো পর্যন্ত উক্ত উপজেলার ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা যেহেতু কক্সবাজার সদর উপজেলা এসিল্যান্ড (অতিরিক্ত দায়িত্ব) ঈদগাঁও উপজেলা এর তত্বাবধানে গ্রহণ করতে হয়, সেহেতু কক্সবাজার সদরের শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত ভূমি সেবা মেলায় ঈদগাঁও ইউনিয়ন ভূমি অফিস এর স্টল রয়েছে। উপজেলার সেবা প্রার্থীরা সেখানে গিয়েই চলমান মেলা থেকে সেবা নিতে পারবেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত