শনিবার, ২৩ মে ২০২৬
Single Top Banner

সাতকানিয়ায় কোরআন হিফজ সমাপ্তি উপলক্ষে চিব্বাড়ীতে শবিনা ও দোয়া মাহফিল

আবছার উদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি :

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চিব্বাড়ী হাজী এবাদুল্লাহ এলাম খাতুন হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থীদের পবিত্র কোরআন মাজিদ হিফজ সমাপ্তি উপলক্ষে এক জমকালো শবিনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (২২ মে) রোজ জুমাবার সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এই মাহফিলের আয়োজন করা হয়।

​ফুলকলি ও পিউরিয়া ফুড প্রোডাক্টস লিমিটেডের সিনিয়র এমডি আলহাজ্ব শাহ আলমের সভাপতিত্বে এবং শাহ মজিদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা শাকের উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনতি হাকিমিয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব হাফেজ শাহ আলম।

​প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- ​”কোরআনের হাফেজরা সমাজের আলো। যে পরিবারে একজন কোরআনের হাফেজ তৈরি হয়, কেয়ামতের দিন সেই পরিবার বিশেষ মর্যাদার অধিকারী হবে। চিব্বাড়ী হাজী এবাদুল্লাহ এলাম খাতুন হেফজখানা ও এতিমখানা এই অঞ্চলে দ্বীনি শিক্ষার আলো ছড়াতে যে ভূমিকা রাখছে তা অত্যন্ত প্রশংসনীয়। তরুণ প্রজন্মকে নৈতিক ও দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হেফজখানাগুলোর অবদান অনস্বীকার্য।”

​তিনি মাদ্রাসার সার্বিক উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান এবং নতুন হাফেজদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

​মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
​মাওলানা মাহমুদুল হক, সুপার, শাহ মজিদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা।​ক্বারী মাওলানা রবি উল্লাহ, সিনিয়র শিক্ষক, চুনতি হাকিমিয়া আলিয়া মাদ্রাসা।​মাওলানা মুহাম্মদ আইয়ূব, সেক্রেটারি, হাজী এবাদুল্লাহ এলাম খাতুন হেফজখানা ও এতিমখানা।​মুহাম্মদ লোকমান, অর্থ সম্পাদক, হাজী এবাদুল্লাহ এলাম খাতুন হেফজখানা ও এতিমখানা।​মাহফুজুর রহমান, ইউপি সদস্য, সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদ।​এ ছাড়াও অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুল হক বলেন, “আজকের এই পবিত্র দিনে যেসব কোমলমতি শিশু পবিত্র কোরআন বুকে ধারণ করে হিফজ সমাপ্ত করেছে, আমি তাদের এবং তাদের উস্তাদ ও অভিভাবকদের আন্তরিক মোবারকবাদ জানাই। কোরআনের শিক্ষা শুধু মুখস্থ করার মধ্যে সীমাবদ্ধ না রেখে, তা বাস্তব জীবনে ফুটিয়ে তুলতে হবে। তবেই সমাজ থেকে অন্ধকার ও অন্যায় দূর হবে। এতিম ও দুস্থ শিশুদের লালন-পালন ও কোরআনী শিক্ষায় শিক্ষিত করার এই মহৎ উদ্যোগকে আমাদের সবার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা উচিত।”

​সভাপতির বক্তব্যে ফুলকলি ও পিউরিয়া ফুড প্রোডাক্টস লিমিটেডের সিনিয়র এমডি আলহাজ্ব শাহ আলম বলেন, “ব্যবসায়িক ব্যস্ততার মাঝেও দ্বীনের এমন একটি পবিত্র আয়োজনে শরিক হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আলহামদুলিল্লাহ, আমাদের সন্তানরা আজ কোরআনের হাফেজ হয়ে সমাজের সম্পদ হিসেবে গড়ে উঠছে। ফুলকলি ও পিউরিয়া ফুড প্রোডাক্টস পরিবার সব সময় ইসলামের খেদমতে এবং এতিম-দুস্থদের পাশে সশরীরে ও আর্থিকভাবে যুক্ত থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। এই হেফজখানা ও এতিমখানার যেকোনো প্রয়োজনে আমরা অতীতেও ছিলাম, ভবিষ্যতেও পাশে থাকব, ইনশাআল্লাহ।”

মাহফিল শেষে পবিত্র কোরআন হিফজ সমাপ্তকারী দুইজন কৃতী শিক্ষার্থী- হাফেজ মুহাম্মদ তানজিল হোসাইন ও হাফেজ মুহাম্মদ মুনতাসীর-এর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি যেসমস্ত শিক্ষার্থী ১৫ পারা, ১০ পারা, ৫ পারা এবং নূরানী পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, তাদেরও বিশেষ ক্রেস্ট প্রদান করে উৎসাহিত করা হয়।

​পরিশেষে, দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে এক আবেগঘন বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সফল সমাপ্তি ঘটে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত