জেলা এনএসআই তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের অভিযানে ৫৬৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
২৪ মে (রবিবার) দুপুর ১২:৩০ টা থেকে বিকেল ৩:৩০ টা পর্যন্ত উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাহাবী পাড়া (পশ্চিম হাজারবিঘা কুইরগা) এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জেলা এনএসআই তথ্যের ভিত্তিতে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ’র নেতৃত্বে থানা পুলিশের একটি টিম সফল অভিযান পরিচালনা করেন।
আটককৃত মাদক কারবারিরা হলো: আরিফুল ইসলাম (২৬), পিতা- মোহাম্মদ আলী। মোহাম্মদ তাসিন (২০), পিতা- আহমদ হোসেন।মোঃ মামুন (১৮), পিতা- আবু সালেক।
আটককৃত সকলের বাড়ি আমিরাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাহাবী পাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই ইয়াবা ব্যবসার মূল চালিকাশক্তি বা মূল হোতা একই এলাকার মৃত সুলতান আহমদের পুত্র ওমর ফারুক (৩২)। তিনি এই আটককৃত যুবকদের মাধ্যমে দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
শনিবার রাত থেকেই ওমর ফারুকের কাছে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট থাকার খবর স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়ে। এর সূত্র ধরে স্থানীয় জনতা আজ উক্ত তিন সহযোগীকে প্রাথমিকভাবে আটকে রাখে এবং মূল হোতা ওমর ফারুককে ঘটনাস্থলে আসার জন্য চাপ দেয়। কিন্তু ওমর ফারুক ঘটনাস্থলে না আসায় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।
পরবর্তীতে বিষয়টি জেলা এনএসআই, চট্টগ্রাম কার্যালয়কে জানানো হলে তাদের পরামর্শে লোহাগাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায় এবং ইয়াবাসহ তিনজনকে আটক করতে সক্ষম হয়। তবে ঘটনার পর থেকে মূল হোতা ওমর ফারুক পলাতক রয়েছে।
লোহাগাড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, জব্দকৃত ৫৬৭ পিস ইয়াবা ট্যাবলেট ও আটককৃত ৩ আসামি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এই ঘটনায় জড়িত পলাতক মূল হোতাসহ সকলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


