পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। সোমবার (১ জুন) তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে তার পদত্যাগপত্র জমা দেন। প্রধানমন্ত্রী তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পদত্যাগপত্রে দীপেন দেওয়ান তার দায়িত্ব থেকে অব্যাহতি চাওয়ার কারণ হিসেবে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেন। তিনি জানান, অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত ও গুরুত্বপূর্ণ দায়িত্ব যথাযথভাবে পালন করা তার জন্য কঠিন হয়ে পড়েছে।
উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-এ অংশ নিয়ে দেশের সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে আলোচনায় আসেন। নির্বাচন-পরবর্তী ১৭ ফেব্রুয়ারি গঠিত নতুন সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে তিনি শপথ গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের মাত্র সাড়ে তিন মাসের মাথায় শারীরিক অসুস্থতার কারণে মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ালেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ।


