মঙ্গলবার, ২ জুন ২০২৬
Single Top Banner

কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী পিতা-ছেলে নিহত

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পিতা-ছেলে নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ জুন) সকাল ৮টার দিকে কর্ণফুলী নতুন ব্রিজের (শাহ আমানত সেতু) প্রথম সিঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কর্ণফুলী উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিধান মল্লিক (৪৭) ও তার পিতা দুর্গাপদ মল্লিক (৭৫)। তাদের বাড়ি আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন ব্রিজ এলাকা থেকে মোটরসাইকেলে করে নিজ গ্রামে যাচ্ছিলেন বিধান মল্লিক ও তার বাবা দুর্গাপদ মল্লিক। পথে নতুন ব্রিজের প্রথম সিঁড়ি এলাকায় পৌঁছালে একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুর্গাপদ মল্লিক নিহত হন।

নিহতদের স্বজন পিন্টু দাশ জানান, ‘তাদের বাড়ি আনোয়ারা উপজেলার সিংহরা গ্রামে। বিধান মল্লিক মোটরসাইকেলে উনার বাবাকে নিয়ে শহর থেকে বাড়িতে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে পিকআপটি চাপা দেয়।’

বিধান মল্লিকের দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে বলে জানান তিনি।

কর্ণফুলী থানার উপ পরিদর্শক (এসআই) মাহিন সরওয়ার বলেন, ‘সকালে সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। এরমধ্যে একজন ঘটনাস্থলেই মারা গেছেন, অন্যজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।’

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত পিকআপ ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই পিকআপ চালক পালিয়ে যান।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত